প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:০৮ পিএম (ভিজিট : ২৪৮)

X
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জ-১ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী শেখ মো. আব্দুল্লাহ শ্রীনগরে গণসংযোগ ও পথসভা করেছেন।
ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে শনিবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে তিনি সিরাজদিখান উপজেলার আটপাড়া ইউনিয়নের বাড়ৈগাঁও বাজার, তন্তর ইউনিয়নের পাড়াগাঁও বাজার ও রুসদী এলাকায় গণসংযোগ করেন। গণসংযোগ শেষে বিভিন্ন স্থানে পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় বক্তব্যকালে শেখ মো. আব্দুল্লাহ বলেন, নির্বাচিত হলে তিনি মুন্সীগঞ্জ-১ আসনকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলতে কাজ করবেন। পাশাপাশি বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি এবং স্বাস্থ্যসেবার মান উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণের প্রতিশ্রুতি দেন।
তিনি উপস্থিত জনসাধারণের প্রতি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
গণসংযোগ ও পথসভায় বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও স্থানীয় সমর্থকরা উপস্থিত ছিলেন।