নির্বাচনের দিন বিশৃঙ্খলায় শূন্য সহনশীলতা, সরাসরি আইনানুগ ব্যবস্থা: চট্টগ্রাম ডিসি

জাহাঙ্গীর আলম

সারাবাংলা

চট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে

2026-02-07T19:19:00+00:00
2026-02-07T19:19:00+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নির্বাচনের দিন বিশৃঙ্খলায় শূন্য সহনশীলতা, সরাসরি আইনানুগ ব্যবস্থা: চট্টগ্রাম ডিসি
জাহাঙ্গীর আলম
প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:১৯ পিএম   (ভিজিট : ৩৪২)
X

চট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে আর কাউকে সতর্ক করা হবে না। নির্বাচনের দিন সরাসরি আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে কর্ণফুলী ও আনোয়ারা উপজেলার ভোটগ্রহণ কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডিসি জাহিদুল ইসলাম বলেন, আজই আমরা শেষবারের মতো সতর্ক করে দিচ্ছি। নির্বাচনের দিন কেউ যদি কোনো কেন্দ্রে ঝামেলা সৃষ্টি করার চেষ্টা করে, তাকে সতর্ক করার আর কোনো সুযোগ থাকবে না। শুধু ব্যবস্থা নেওয়া হবে। আমাদের অবস্থান একেবারেই পরিষ্কার—নো ড্রামা, নো লবিং।

তিনি জানান, প্রতিটি ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে আনসার বাহিনীর পাশাপাশি পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি বডি-অন ক্যামেরার আওতায় রয়েছে। প্রতিটি কেন্দ্র জেলা ও উপজেলা পর্যায়ে সেন্ট্রালি মনিটরিংয়ের সঙ্গে যুক্ত করা হয়েছে। তিনি বলেন, কেউ যদি মনে করেন, তাকে কেউ দেখছে না—তাহলে তিনি ভুল করছেন। অনুগ্রহ করে অন্ধকার থেকে বের হয়ে আসুন।

ভোটগ্রহণ কর্মকর্তাদের উদ্দেশে জেলা প্রশাসক বলেন, নিজ নিজ সন্তানের মুখের দিকে তাকিয়ে দায়িত্ব পালন করুন। আপনারা এমন একটি বাংলাদেশ নির্মাণে অংশ নিচ্ছেন, যেখানে আপনার সন্তান বড় হবে। আমাদের লক্ষ্য—ভোটাররা যেন ভোট দিয়ে নিরাপদে, হাসিমুখে ঘরে ফিরতে পারে।

নির্বাচনকে কোনো ব্যক্তিগত ক্ষমতার পালাবদল নয় উল্লেখ করে তিনি বলেন, এটি আমাদের ও আমাদের সন্তানের ভবিষ্যৎ নির্ধারণের আয়োজন। শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে—তাই দায়িত্ব পালনে কোনো ঝুঁকি নেওয়া যাবে না।

সরকারি কর্মচারীদের প্রতি কড়া বার্তা দিয়ে তিনি বলেন, দীর্ঘদিন ধরে আমাদের গায়ে যে কালিমা লেগেছে, তা মুছে ফেলার সময় এসেছে। আমরা কারও ব্যক্তিগত গোলাম হব না—আমরা রাষ্ট্রের গোলাম হব। বিবেক বিক্রি করবেন না, মেরুদণ্ড ভাঙবেন না।

তিনি আরও জানান, প্রশাসনের সব কার্যক্রম সরকার থেকে নিবিড়ভাবে মনিটরিংয়ের আওতায় রয়েছে। আমাকে যেমন রিটার্নিং অফিসার হিসেবে নিয়মিত মনিটর করা হচ্ছে, ঠিক তেমনি আপনাদের প্রতিটি কার্যক্রমও মনিটর করা হচ্ছে। কোনো ধরনের অসততা বা চালাকির সুযোগ নেই।

সভায় সভাপতিত্ব করেন আনোয়ারা উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা তাহমিনা আক্তার এবং কর্ণফুলী উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সজীব কান্তি রুদ্র।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁন, লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন সরকার, লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান, উপ-পরিচালক (স্থানীয় সরকার) গোলাম মাঈনউদ্দিন হাসান, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বশির আহমেদ এবং আনসার ও ভিডিপির পরিচালক ও জেলা কমান্ড্যান্ট (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ মোস্তাক আহমদ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy