প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:০০ পিএম (ভিজিট : ১০২)

X
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১৭ আসনে বিএনপির প্রার্থীর পক্ষে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত গুলশান থানার ১৮ নং ওয়ার্ডের সুবাস্তু নজর ভেলি মার্কেট ও ‘ক’ ইউনিট এলাকায় এ প্রচারণা কর্মসূচি পালিত হয়।
প্রচারণায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। বিশেষ অতিথি হিসেবে অংশ নেন দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার অসীম। এ সময় তারা ব্যবসায়ী, পথচারী ও স্থানীয় ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
সেলিমা রহমান বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। তিনি অভিযোগ করেন, বিগত সময়ে জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে এবং একটি অবাধ, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে পরিবর্তন আনার আহ্বান জানান।
ব্যারিস্টার অসীম বলেন, আন্তর্জাতিকভাবে গণতন্ত্র ও মানবাধিকারের প্রশ্নে বাংলাদেশকে মর্যাদার জায়গায় নিতে হলে জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে হবে। তিনি তরুণ ভোটারদের অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
এলাকার প্রচারণার দায়িত্বে ছিলেন গুলশান থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য তৌহিদুল আলম পলাশ। তার নেতৃত্বে গুলশান থানা বিএনপি, যুবদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সক্রিয়ভাবে প্রচারণায় অংশ নেন। পুরো এলাকা জুড়ে স্লোগান, লিফলেট বিতরণ এবং গণসংযোগের মধ্য দিয়ে কর্মসূচি প্রাণবন্ত হয়ে ওঠে।