প্রকাশ: রোববার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:২৯ এএম আপডেট: ০৮.০২.২০২৬ ১০:৩৬ এএম (ভিজিট : ৭৬)

X
জাপানে জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ রোববার (৮ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল ৮টা থেকে দেশজুড়ে ভোটকেন্দ্রগুলোতে ভোটগ্রহণ চলছে, যা চলবে রাত ৮টা পর্যন্ত। ভোট গণনা শেষ হতে সারারাত লেগে যেতে পারে।
এ নির্বাচনে সংসদের নিম্নকক্ষের মোট ৪৬৫টি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ১ হাজার ২৮৪ জন প্রার্থী। এর মধ্যে ২৮৯ জন সদস্য সরাসরি একক নির্বাচনী এলাকা থেকে এবং বাকি ১৭৬ জন সদস্য ১১টি আঞ্চলিক ব্লক থেকে সমানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নির্বাচিত হবেন।
গত ২৩ জানুয়ারি প্রধানমন্ত্রী সানাই তাকাইচি সংসদ ভেঙে দিয়ে আগাম নির্বাচনের ঘোষণা দেন। তিনি জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী। গত বছরের অক্টোবরে ক্ষমতা গ্রহণ করলেও তার নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) সংসদে খুব অল্প ব্যবধানে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল। শক্তিশালী ম্যান্ডেট পাওয়ার লক্ষ্যে ক্ষমতা গ্রহণের পরপরই তিনি আগাম নির্বাচনের সিদ্ধান্ত নেন।
এই নির্বাচনে ক্ষমতাসীন এলডিপির সঙ্গে মূল লড়াই হবে জাপান ইনোভেশন পার্টির। নির্বাচনের ফলাফলের মাধ্যমে কোন দল সরকার গঠন করবে তা যেমন নির্ধারিত হবে, তেমনি প্রধানমন্ত্রী তাকাইচির রাজনৈতিক ভবিষ্যৎও এই নির্বাচনের ওপর নির্ভর করছে।
বিভিন্ন জনমত জরিপে ইঙ্গিত পাওয়া গেছে, ক্ষমতাসীন এলডিপি সংসদের সর্বোচ্চ আসনে জয়ী হতে পারে। তবে চূড়ান্ত ফলাফলের জন্য ভোট গণনা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।