প্রকাশ: রোববার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৪৪ এএম (ভিজিট : ৬০)

X
মেহেরপুরের গাংনী উপজেলার শুকুরকান্দি গ্রামে সড়ক দুর্ঘটনায় আবেদ আলী (৬০) নামের এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবেদ আলী গাংনী উপজেলার পুরাতন মটমুড়া গ্রামের মৃত রহিম মন্ডলের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, আবেদ আলী দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিলেন। তিনি প্রায়ই রাস্তায় রাস্তায় ভবঘুরের মতো ঘুরে বেড়াতেন। শনিবার রাতের কোনো এক সময় সড়ক দিয়ে চলাচলরত অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে গাংনী থানায় নিয়ে আসে।
গাংনী থানার ওসি উত্তম কুমার দাস জানান, নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়। পরে পরিবারের সদস্যরা মরদেহ শনাক্ত করেন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।