প্রকাশ: রোববার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:০৯ এএম (ভিজিট : ৮২)

X
বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) সংসদীয় আসনে শেষ মুহুর্তে বিরামহীন প্রচার-প্রচারণা ও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। বেলা বাড়ার সাথে সাথে শুরু করে গভীর রাত পর্যন্ত কর্মী ও সমর্থকদের নিয়ে উপজেলার এক প্রান্ত হতে আরেক প্রান্ত পর্যন্ত চলছে প্রচার-প্রচারণা।
সেই সঙ্গে স্ব-স্ব প্রার্থী এলাকার উন্নয়নে নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের নিকট ভোট প্রার্থনা করছেন। সচেতন ভোটাররাও এ মুহুর্তে করছেন চুল চেড়া বিশ্লেষণ। কোন প্রার্থী ভালো, কাকে ভোট দিলে এলাকার উন্নয়ন হবে তা নিয়ে চলছে হিসাব নিকাশ।
এবার এ আসনে চারজন প্রার্থী সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল মহিত তালুকদার (ধানের শীষ), ১১দলীয় ঐক্য জোটের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী নূর মোহাম্মদ আবু তাহের (দাঁড়িপাল্লা), জাতীয় পার্টি মনোনীত প্রার্থী শাহিনুল ইসলাম (লাঙ্গল) ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী শাহজাহান আলী তালুকদার (হাতপাখা) প্রতীক।
তবে ভোটের মাঠে যেভাবে বিএনপি ও জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী দিনভর বিরামহীন প্রচার-প্রচারণা, গণসংযোগ ও জনসমাবেশে ব্যস্ত সময় পার করছেন সেই দিক হতে জাতীয় পার্টি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থীর প্রচার-প্রচারণা তেমন দেখা যাচ্ছে না। তাছাড়া বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থীর পক্ষে জনসমর্থনও বেশি পরিলক্ষিত হচ্ছে। এসব দিক বিবেচনায় বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল মহিত তালুকদার ও ১১দলীয় ঐক্যজোটের জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী নূর মোহাম্মদ আবু তাহেরের মধ্যে ভোটের লড়াই হবে বলে সচেতন ভোটাররা মনে করছেন।
এ আসনের মোট ভোটার ৩লাখ ৩৯হাজার ১’শ ৭৩জন। এর মধ্যে পুরুষ ভোটার ১লাখ ৬৯হাজার ৩’শ ৪৭জন ও মহিলা ভোটার ১লাখ ৬৯হাজার ৮’শ ২৩জন এবং হিজরা ভোটার ৩জন।
উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার শাহরুখ খান জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে সব রকম প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সেই সঙ্গে ৬ সদস্য বিশিষ্ট ভিজিল্যান্স ও অবজারভেশন টিম গঠন করা হয়েছে। সেই টিম এ উপজেলার ৫৭টি কেন্দ্রের সার্বিক দিক দেখভাল করছেন।