প্রকাশ: রোববার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৫৭ পিএম (ভিজিট : ৩৭)

X
ফাইল ছবি
চট্টগ্রাম-ঢাকা মহাসড়কে মিরসরাইয়ে চলন্ত অবস্থায় একটি কাভার্ড ভ্যানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও ভ্যানের ভেতরে থাকা পণ্যের প্রায় অর্ধেক পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণের সময় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।
রোববার (৮ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার বারিয়ারহাট পৌর বাজারের দক্ষিণ ইউটার্ন এলাকায় ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, কাভার্ড ভ্যানটিতে চট্টগ্রাম বন্দর থেকে আমদানি করা প্রায় সাত হাজার পিস মশা মারার বৈদ্যুতিক ব্যাট বহন করা হচ্ছিল। ভ্যানটি নারায়ণগঞ্জের উদ্দেশে রওনা হয়েছিল। সকাল ছয়টার দিকে চলন্ত অবস্থায় হঠাৎ গাড়িটির সামনের অংশে আগুন ধরে যায়।
আগুন লাগার পর চালক দ্রুত গাড়ি থেকে নেমে যান এবং ঘটনাস্থল থেকে প্রায় ২০০ মিটার দূরে থাকা বারিয়ারহাট ফায়ার সার্ভিস স্টেশনে বিষয়টি জানান। পরে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
অগ্নিকাণ্ডে কাভার্ড ভ্যানটির ইঞ্জিনসহ সামনের অংশ এবং ভেতরে থাকা মালামালের প্রায় অর্ধেক পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ২৫ লাখ টাকা বলে জানিয়েছেন চালক মো. শামসুল হক। তিনি জানান, গাড়ির গ্যাসের নজল থেকে আগুনের সূত্রপাত হয়ে পুরো ভ্যানে ছড়িয়ে পড়ে।
বারিয়ারহাট ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা জয়নাল আবেদীন বলেন, অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে তদন্ত করা হচ্ছে।
জোরারগঞ্জ হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক মাইকেল দাস জানান, আগুন নেভাতে মহাসড়কের ওপর পানির পাইপ স্থাপন করায় সাময়িকভাবে দুই পাশে যান চলাচল বন্ধ রাখতে হয়েছিলো। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর আবার যান চলাচল স্বাভাবিক হয়েছে।