ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে মাদারীপুর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী জাহান্দার আলী জাহান (ধানের শীষ) ও স্বতন্ত্র প্রার্থী মিলটন বৈদ্য (কলস) পৃথকভাবে শোকজ করা হয়েছে। নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি রোববার দুই প্রার্থীর কাছে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে।
নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান সিভিল জজ আরিফ হোসাইন স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে, আগামী ১০ ফেব্রুয়ারি উভয় প্রার্থীকে সশরীরে হাজির হয়ে লিখিত জবাব দাখিল করতে হবে।
সূত্র জানায়, গত ৪ ফেব্রুয়ারি মাদারীপুর সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের কালিবাজারে উভয় প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনার পর ৬ ফেব্রুয়ারি স্বতন্ত্র প্রার্থী মিলটন বৈদ্য কমিটিতে লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগের ভিত্তিতে ৮ ফেব্রুয়ারি শোকজ নোটিশ ইস্যু করা হয়।
নোটিশে উল্লেখ করা হয়েছে, “সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫” এর বিধি ৬(ক) অনুসারে, নির্বাচনী প্রচারণায় সকল প্রার্থী সমান অধিকারভোগ করবেন। কোনো প্রার্থী বা তার সমর্থকরা প্রতিপক্ষের জনসভা, শোভাযাত্রা বা প্রচারণায় বাধা দিতে পারবেন না বা ভীতিসঞ্চারমূলক আচরণ করতে পারবেন না। অভিযোগ অনুযায়ী, জাহান্দার আলী জাহানের সমর্থকবৃন্দ স্বতন্ত্র প্রার্থী মিলটন বৈদ্যের নির্বাচনী প্রচারণায় বাধা প্রদান করেছেন।
অপরদিকে, আচরণবিধি লঙ্ঘন করে মোটর শোডাউন আয়োজনের কারণে মিলটন বৈদ্যকেও শোকজ করা হয়েছে। নোটিশে বলা হয়েছে, বিধি ৯(ক) অনুযায়ী কোনো প্রার্থী নির্বাচনী প্রচারণায় বাস, ট্রাক, নৌযান, মোটরসাইকেল বা অন্যান্য যান্ত্রিক বাহন ব্যবহার করে মিছিল, জনসভা বা শোডাউন করতে পারবেন না। তবে মিলটন বৈদ্য শোডাউন আয়োজন করে এই বিধি লঙ্ঘন করেছেন।
নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি উভয় প্রার্থীকে কেন তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না তা লিখিতভাবে কমিটিকে জানানোর জন্য আগামী ১০ ফেব্রুয়ারি হাজিরার নির্দেশ দিয়েছে।