প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১:০৮ পিএম (ভিজিট : ৮৯)

X
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ভোটের আগে, ভোটের দিন এবং ভোটগ্রহণ পরবর্তী সময়ে নির্বাচনি অপরাধের দ্রুত বিচার নিশ্চিত করতে ১০ থেকে ১৪ ফেব্রুয়ারি পাঁচ দিনের জন্য ৬৫৭ জন বিচারককে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে মনোনয়ন দিয়েছে সরকার।
আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ মনোনয়ন প্রদান করে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটদের তালিকা নির্বাচন কমিশনের সচিবের কাছে পাঠিয়েছে। মনোনীত বিচারকরা নির্বাচনি অপরাধ আমলে নেওয়া এবং সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার সম্পন্ন করবেন।
মনোনয়ন সংক্রান্ত চিঠিতে বলা হয়েছে, তারা গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ অনুযায়ী ভোট সংক্রান্ত অপরাধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারবেন।
এর আগে, নির্বাচনকালে আইনশৃঙ্খলা ও নির্বাহী কার্যক্রম পরিচালনার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় সারাদেশে ১,০৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়। তারা ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবেন।