প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:০৬ পিএম (ভিজিট : ১৭৭)

X
গাজীপুরের টঙ্গীতে বাংলাদেশ জাতীয়তাবাদ দল বিএনপির নির্বাচনী প্রচারনায় গ্যাস বেলুন বিস্ফোরন ও মারামারির ঘটনা ঘটেছে। এতে অন্তত অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। আজ সোমবার বিকেলে টঙ্গীবাজার এলাকায় এই ঘটনা ঘটে।
আহতরা হলেন- আব্দুল আজিজ (৩০), রমজান (১৫), হৃদয় (১৯), মারুফ (২১), আকাশ (২১), হাসমত আলী (৫৪), মারুফ (১৭), সিয়াম (১৬), রাব্বি (১৪), রুবেল (৩৪), মোস্তাকিম (১৪) ইমরান (২০)সহ আরও অনেকে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার নির্বাচনী প্রচারণা শেষ দিনে টঙ্গী থেকে গণমিছিল করার লক্ষ্যে টঙ্গীবাজার এলাকায় ছোট ছোট মিছিল নিয়ে জড়ো হচ্ছিলেন নেতাকর্মীরা। এসময় মহাসড়কের পাশে প্রচারণায় ব্যবহার করার জন্য গ্যাস বেলুন ফোলাচ্ছিলেন কিছু নেতাকর্মী। এসময় হঠাৎ করে গ্যাস বেলুনগুলো বিস্ফোরিত হলে বেশকিছু নেতাকর্মী দগ্ধ হন।
পরে তাদের উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এব্যাপারে টঙ্গী সরকারি হাসপাতালের চিকিৎসক ডা. নাফিয়া শারমিন জানান, গ্যাস বেলুন বিস্ফোরণে আহতদের মধ্যে অনেকের ১৮ থেকে ২০ ভাগ দ্বগ্ধ থাকায় তাদেরকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।
এছাড়াও মিছিল চলাকালে বিএনপির দুই পক্ষের ভিতরে মারামারির ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন নেতাকর্মী। পরে উপস্থিত নেতাদের হস্তক্ষেপে বিষয়টি সমাধান করা হয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ দক্ষিণ বিভাগের উপ পুলিশ কমিশনার মুহাম্মদ মহিউদ্দিন আহমেদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাস বেলুন ফোলানোর সময় সিগারেটের আগুন থেকে বেলুন বিস্ফোরণ ঘটনা ঘটেছে। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে।