পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দল সমর্থিত এমপি প্রার্থী অধ্যাপক মাওলানা আলী আজগার ভাঙ্গুড়ায় এক বিশাল নির্বাচনী জনসভায় দাঁড়িপাল্লা ও ‘হ্যাঁ’ ভোটের প্রতি জনগণের সমর্থনের আহ্বান জানান।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকাল বেলা ভাঙ্গুড়া পৌর সদরের হাজী জামাল উদ্দিন অনার্স ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত উন্মুক্ত সভায় তিনি বলেন, চলনবিল অধ্যাশিত পাবনা-৩ অঞ্চলের মানুষ দীর্ঘ ৫৫ বছর ধরে সঠিক নেতৃত্ব থেকে বঞ্চিত হয়েছে। এই বঞ্চনার বিরুদ্ধে এবং গণঅভ্যূথানের আকাঙ্কার আলোকে জনগণকে নির্বাচনে ইনসাফের প্রতিনিধিরা ও গণভোটে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে নতুন বাংলাদেশ নির্মাণের আহ্বান জানানো হচ্ছে।
সভায় বক্তব্য রাখেন পাবনা জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা জহুরুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর ডা. মাওলানা মহির উদ্দিন ও সেক্রেটারি অধ্যাপক আবুল হোসেন। এছাড়া জেলা ও উপজেলা জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
সভায় অধ্যাপক আলী আজগার ১৬ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন এবং গণমাধ্যমের প্রশ্নের উত্তর দেন। নির্বাচনী সভায় উপজেলা পৌর এলাকা ও ছয়টি ইউনিয়ন থেকে হাজার হাজার নেতাকর্মী ফেস্টুন, ব্যানার, দলীয় প্রতীক ও পতাকাসহ মিছিল নিয়ে সমবেত হয়ে জনসমুদ্র তৈরি করেন।