প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ২:০৬ পিএম (ভিজিট : ৩৭১)

X
সংগৃহীত ছবি
বিএনপির কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক ও নেত্রকোনা ১ আসনে মনোনীত প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, ধর্মকে নিয়ে যারা প্রতারণা করছেন, সেই প্রতারকদের ভোটের মাধ্যমেই আমরা বিতাড়িত করবো ইনশাআল্লাহ।
সোমবার (০৯ ফেব্রুয়ারি) বিকেলে নেত্রকোনার দুর্গাপুরে সুসং সরকারি মহাবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় বক্তব্যে এ কথা বলেন তিনি।
ব্যারিস্টার কায়সার কামাল বলেন, আজ পত্রিকায় দেখলাম, জামায়াতে ইসলামী থেকে বলছে যদি দাঁড়িপাল্লা বা ১১ দলীয় জোটের প্রার্থী, কিংবা আমাদের এলাকায় থাকা রিকশা মার্কার প্রার্থীকে ভোট না দেওয়া হয় তাহলে নাকি জান্নাতে যাওয়া যাবে না। এজন্য আমি বলি এটি মুসলমানদের ঈমান রক্ষার একটি বড় চ্যালেঞ্জ। জান্নাত নির্ধারণ করবেন একমাত্র মহান রাব্বুল আলামিন। কোনো ব্যক্তি বা রাজনৈতিক দল জান্নাতে কে যাবে তা নির্ধারণ করতে পারেন না। তারা ধর্মের নামে প্রতারণা করছেন। যদি ধর্মের নামে প্রতারণা করেন তাহলে মুসলমান হিসেবে আমার ঈমান কি ভোটের দিন পরীক্ষা করতে হবে না?
তিনি আরও বলেন, আমরা ধর্মপ্রাণ মুসলমান। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান যেদিন বাংলাদেশে এসেছিলেন, সেদিন তিনি মহান রাব্বুল আলামিনের সাহায্য কামনা করে বলেছিলেন হে দুজাহানের মালিক, হে বিশ্বব্রহ্মাণ্ডের মালিক হে সৃষ্টিকর্তা আমরা সকলে তোমার কৃপা চাই। তোমার কৃপা পেলে আগামীতে সারা বাংলাদেশের মানুষের ভোটের মাধ্যমে যদি বিএনপি নির্বাচিত হয়, তাহলে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর দেখানো পথে বাংলাদেশ পরিচালনা করবো ইনশাআল্লাহ।
ব্যারিস্টার কায়সার কামাল বলেন, তাই মুসলমান ভাই ও বোনেরা যারা আছেন আমরা আগামী ১২ তারিখ নির্ধারণ করবো ধর্মকে নিয়ে যারা প্রতারণা করছেন সেই প্রতারকদের আমরা ভোটের মাধমে বিতাড়িত করবো ইনশাআল্লাহ।