প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৯:৩০ পিএম (ভিজিট : ৮)

X
গ্রেপ্তার ৭
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নির্মান শ্রমিক রফিকুল ইসলামকে (৩০) অপহরণের পর নির্যাতন করে মুক্তিপণ দাবির অভিযোগে ছাত্রদল নেতা সহ ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে অপহৃত রফিকুল ইসলামকে উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে সিদ্ধিরগঞ্জের সিআইখোলা মোড় এলাকা হতে তাদেরকে আটক করে এবং অপহৃত উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম জিহাদ (২৩) এবং মো. আল-আমিন (২৩), মো. গোলাম কিবরিয়া (২১), মো. জাহাঙ্গীর (২২), মো. রবিউল (২৩), মো. আরমান (২২) ও মো. রমজান (২৩।
পুলিশ জানায়, সিদ্ধিরগঞ্জের সিআইখোলা এলাকার নুরুল ইসলাম নামের এক অস্থায়ী বাসিন্দার ছেলে নির্মাণ শ্রমিক রফিকুল ইসলামকে সুকৌশলে গ্রেফতারকৃত ছাত্রদল নেতাসহ তার সহযোগীরা ডেকে নেন। একপর্যায়ে ভুক্তভোগীকে একটি কাপড়ের দোকানে জোরপূর্বক ঢুকিয়ে ভেতরে আটকে রেখে পাষবিক হিংস্রতা চালিয়ে মুঠোফোনের মাধ্যমে পরিবারের কাছে মুক্তিপণ হিসেবে ৩ লাখ টাকা দাবি করা হয়। দীর্ঘক্ষণেও দাবিকৃত অর্থ যোগাতে ব্যর্থ হওয়া অসহায় পরিবারটির কাছে শেষমেশ ৪০ হাজার টাকার বিনিময়ে প্রাণ ভিক্ষা দেওয়ার কথা জানান অপরাধীরা।
একপর্যায়ে মুক্তিপণ না পেয়ে আসামিরা ভুক্তভোগীকে ডাকাত হিসেবে আখ্যায়িত করার পরিকল্পনা নিয়ে সিআখোলা মোড়ের সামনে তাদের কাছে থাকা কয়েকটি ধারালো অস্ত্র দিয়ে সজ্জিত করে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে পুনরায় নির্যাতন চালায়। পরে ছাত্রদল নেতা সহ তার সহযোগীদের অপরাধের বিষয় পুলিশের কাছে ধরা পড়ে যায়।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, অপহরণ ঘটনায় ছাত্রদল নেতা সহ সাতজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। আসামিরা যে দলেরই হোক না কেনো কেউ আইনের ঊর্ধ্বে নয়।