প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:২৭ পিএম (ভিজিট : ৩২)

X
নওগাঁর পোরশা উপজেলায় ভারতীয় ট্যাপেন্টাডাল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ১৬ বিজিবি নওগাঁ ব্যাটালিয়নের নিতপুর বিওপির সদস্যরা।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৯ ফেব্রুয়ারি) গভীর রাতে অভিযান চালিয়ে নিতপুর বিওপির সীমান্ত মেইন পিলার ২৩১ থেকে আনুমানিক ৪ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে হরিপুর বাজারের তিন রাস্তার মোড় এলাকা থেকে ২০ পিস ভারতীয় ট্যাপেন্টাডাল ট্যাবলেটসহ মামুন (২৭) নামের এক যুবককে আটক করা হয়। আটক মামুন সাপাহার উপজেলার বাতচহেরা গ্রামের মতিউর রহমানের ছেলে।
এ সময় কালাইবাড়ি গ্রামের হাকিমের ছেলে হামিদুর (২৫) কৌশলে পালিয়ে যায়। অভিযানে নেতৃত্ব দেন নিতপুর বিওপির হাবিলদার মনিরুল ইসলাম।
এ ঘটনায় পোরশা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটককৃত মামুনকে জব্দকৃত মাদকসহ থানায় হস্তান্তর করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন নিতপুর বিওপির কোম্পানি কমান্ডার (১৬/ডি কো) নায়েব সুবেদার আবু তালেব।