প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:০৩ পিএম (ভিজিট : ১১০)

X
প্রাথমিকভাবে ঘটনাটিকে ‘গণ আত্মহত্যা’ বলছে পুলিশ
উত্তর প্রদেশের মথুরা জেলার খাপ্পরপুর গ্রামে মঙ্গলবার একটি পরিবারের পাঁচ সদস্যের মরদেহ উদ্ধার হয়েছে। নিহতদের মধ্যে তিনজনই অপ্রাপ্তবয়স্ক শিশু। পুলিশ প্রাথমিকভাবে ঘটনাটিকে গণ আত্মহত্যা বলে সন্দেহ করছে।
মথুরা জেলার পুলিশ জানিয়েছে, বাড়ির ভেতর থেকে একটি সুইসাইড নোট, দেয়ালে লেখা একটি বার্তা এবং পরিবারের কর্তার তৈরি করা একটি ভিডিও উদ্ধার করা হয়েছে বলে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে। তবে এসবের বিস্তারিত বিষয়বস্তু তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
নিহতরা হলেন- ৩৫ বছর বয়সী কৃষক মনীশ কুমার, তার প্রায় ৩২ বছর বয়সী স্ত্রী এবং তাদের তিন নাবালক সন্তান (দুই মেয়ে ও এক ছেলে)।
মথুরার সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশ শ্লোক কুমার জানান, পরিবারের সবাইকে বাড়ির একটি কক্ষের ভেতর মৃত অবস্থায় পাওয়া যায়।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশের তথ্য অনুযায়ী, সকালে শিশুরা বাইরে খেলতে না আসায় মনীশ কুমারের ভাই সন্দেহ করেন। তিনি দেয়াল টপকে ঘরে ঢুকে দরজা ভেঙে পরিবারের সদস্যদের মৃত অবস্থায় দেখতে পান। পরে গ্রামবাসীদের সহায়তায় পুলিশকে খবর দেওয়া হয়। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।