প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:০৬ এএম আপডেট: ১১.০২.২০২৬ ১১:১০ এএম (ভিজিট : ৩৭)

X
ময়মনসিংহে দ্রুতগতির একটি ডাম্প ট্রাকের ধাক্কায় জসিম (৩২) নামে এক শিক্ষক নিহত হয়েছেন। ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ঘাতক ট্রাকে আগুন ধরিয়ে দেয়।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে ময়মনসিংহ-ফুলবাড়িয়া সড়কের দাপুনিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জসিম সদর উপজেলার ঘাগড়া ইউনিয়নের সুহিলা পশ্চিমপাড়া এলাকার হাতেম আলী সরকারের ছেলে। তিনি একটি বেসরকারি বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।
স্থানীয়রা জানায়, পারিবারিক কাজে শহরে গিয়েছিলেন জসিম। শহর থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ডাম্প ট্রাক তাকে চাপা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই জসিমের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর উত্তেজিত জনতা ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। তবে চালক পালিয়ে যেতে সক্ষম হন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
কোতোয়ালি থানার ওসি (অপারেশন) আজহারুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে একই সময়ে ঢাকা-ময়মনসিংহ সড়কের চুরখাই এলাকায় আরও একটি দুর্ঘটনায় এক পথচারী ট্রাকচাপায় নিহত হন। তার পরিচয় এখনো জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ।
কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কুমুদ লাল বলেন, রাত সাড়ে ৮ টার দিকে দিকে চুরখাই বাজার এলাকায় রাস্তা পারাপারের সময় পথচারীকে একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই পথচারী নিহত হয়।