
X
রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। নেত্রকোণা-৫ (পূর্বধলা) আসনে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বিএনপি থেকে ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব আবু তাহের তালুকদার জানিয়েছেন, তিনি ভোট প্রদান করবেন উপজেলার ঘাগড়া ইউনিয়নের লেটিরকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে।
১১ দলীয় জোট থেকে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী, জামায়াতে ইসলামীর জেলা সহকারী সেক্রেটারী ও সহকারী অধ্যাপক মাছুম মোস্তফা ভোট দেবেন উপজেলার নারান্দিয়া ইউনিয়নের হিরনপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে।
ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের প্রার্থী, নেত্রকোণা জেলা সভাপতি মুফতী নূরুল ইসলাম হাকিমী ভোট দেবেন জারিয়া ইউনিয়নের খিদিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে।
তিনজন প্রার্থী জানিয়েছেন, তারা ভোটের দিনের শুরুতেই তাদের ভোট প্রদান করবেন। তারা আশা প্রকাশ করেছেন, সাধারণ ভোটাররা উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
উপজেলায় এ বছর মোট ২,৯০,১১৭ ভোটার রয়েছে। এর মধ্যে পুরুষ ভোটার ১,৪৭,৮৯৬ জন, মহিলা ভোটার ১,৪২,২১৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার মাত্র ২ জন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এ বছর ১১টি ইউনিয়নে ৮২টি কেন্দ্রের ৫২৮টি কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। দায়িত্বে থাকবেন ৮২ জন প্রিজাইডিং অফিসার, ৫২৮ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ১,০৫৬ জন পোলিং অফিসার।
উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো: আনিসুর রহমান খান বলেন, “অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করতে প্রশাসন সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। প্রতিটি ভোট কেন্দ্র নিরাপত্তার বহু স্তরের চাদরে মোড়ানো থাকবে। প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন, সেনা, র্যাব, বিডিআর, পুলিশ ও আনসার মোতায়েনসহ নিয়মিত মনিটরিং করা হবে, যাতে ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।”