
X
গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমান অবৈধ আগ্নেয়াস্ত্র
পাবনায় জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমান অবৈধ আগ্নেয়াস্ত্র, ম্যাগজিন, কার্তুজ ও অন্যান্য সরঞ্জাম উদ্ধারসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার জেলার ঈশ্বরদী উপজেলার পাকশী মেরিন পাড়ায় ও দিয়ারবাঘইল এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
এ ঘটনায় বুধবার দুপুর ১২ টায় পাবনা পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, নির্বাচন সামনে নিয়ে জেলা পুলিশ অপরাধী ধরতে বিশেষ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার আনোয়ার জাহিদের নির্দেশে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প সংলগ্ন ওয়াসা প্রজেক্টের গেস্ট হাউজ সংলগ্ন টিনের তৈরি স্টোর রুমের ভিতর এবং বাহিরে থেকে ঝলাকাঠি জেলার কাঠালিয়া চিংড়াখালী গ্রামের কামালের ছেলে শাহীন (২০) ও দিয়ার বাঘইল গ্রামের হযরত প্রামানিককে (৪৭) গ্রেপ্তার করে।
এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশী সচল সেমি অটোমেটিক সেলফ লোডেড রাইফেল (এসএলআর লোডেড ম্যাগজিন ৬৭ রাউন্ড তাজা কার্তুজ), একটি বিদেশী ২২ বোর রাইফেলসহ ম্যাগজিন ও তাজা কার্তুজ, একটি কাঠের বাটযুক্ত একনলা বন্দুক উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের স্বীকারোক্তি মোতাবেক ঈশ্বরদী উপজেলার মানিকনগর পশ্চিমপাড়া থেকে বাদশা মিয়ার ছেলে মমিনুল ইসলাম খোকন (৩৩) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় বাবুল আর্মির পরিত্যক্ত পানির ট্যাংকীর ভিতর থেকে একটি সচল ৯এমএম পিস্তল, ৬ রাউন্ড কার্তুজ, একটি সচল ৭.৬৫ এমএম পিস্তল, ১০ রাউন্ড কার্তুজ ও ৩১ রাউন্ড ১২ বোরের তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
অভিযান পরিচালনা করেন এ সময় অতিরিক্ত পুলিশ সুপার বেজিনুর রহমান, পুলিশ পরিদর্শক রাশিদুল ইসলাম, ডিবি এসআই অসিত কুমার বসাক, এসআই বেনু, এসআই আব্দুল লতিফ, এসআই জাকারিয়া, এসআই বুরজাহান, এসআই মহিদুল, এসআই সেলিম রেজা।
প্রেস ব্রিফিং এ পুলিশ সুপার আনোয়ার জাহিদ বলেন, কয়েকদিন ধরে অনুসন্ধান করে আইনশৃংখলা বাহিনী এই অভিযান পরিচালনা করে। যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা পাবনার চিহ্নিত ব্যক্তিদের ভাড়াটে সন্ত্রাসী হিসেবে কাজ করতো। যারা নেপথ্যে আছে তাদেরকেও পর্যায়ক্রমে আইনের আওতায় আনা হবে।