আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংসদীয় আসন-২১৫ (গোপালগঞ্জ-১) এর স্বতন্ত্র প্রার্থী আশ্রাফুল আলম (শিমুল) এর পক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় থানা রোডের ফরিদ মিয়া কমপ্লেক্সে প্রার্থীর ভাই ব্যারিস্টার নাজমুল আলম সবুজ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।
সংবাদ সম্মেলনে তিনি আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পূর্ণ নিরপেক্ষ, অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। পাশাপাশি ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “কোনো ধরনের মিথ্যা প্রচার, গুজব বা হুমকির কারণে যেন তারা প্রভাবিত না হন এবং নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করেন।”
ব্যারিস্টার নাজমুল আলম সবুজ সাংবাদিকদের উদ্দেশ্যে অনুরোধ করেন, যাচাই-বাছাই ছাড়া কোনো বিভ্রান্তিকর বা অসত্য তথ্য প্রকাশ না করার এবং বস্তুনিষ্ঠতা, পেশাদারিত্ব ও সাংবাদিকতার নৈতিক মূল্যবোধ বজায় রেখে দায়িত্বশীল সংবাদ পরিবেশন করার।
তিনি উল্লেখ করেন, তার বড় ভাই আশ্রাফুল আলম শিমুল এবারের নির্বাচনী প্রক্রিয়ায় সরাসরি উপস্থিত থাকতে না পারায় কিছু রাজনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হলেও তারা নির্বাচন কমিশনের আচরণবিধি যথাযথভাবে অনুসরণ করছেন এবং কোনো ধরনের বিধি লঙ্ঘন না হয় সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছেন।
এ সময় তিনি বলেন, “আমাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আমার কাছে নানা কিছু পাওয়া গেছে এ ধরনের মিথ্যা অপপ্রচার ও গুজব ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা অত্যন্ত নিন্দনীয় ও দুঃখজনক।”
সাম্প্রতিক সময়ে প্রকাশিত একটি সংবাদের প্রসঙ্গে তিনি জানান, “যদি উক্ত সংবাদের তথ্য সত্য হতো, আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়ে বক্তব্য দিতে পারতাম না।”
সংবাদ সম্মেলন শেষে তিনি উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।