প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:০৯ পিএম (ভিজিট : ৯৯)

X
পিরোজপুরের ইন্দুরকানীতে রাতে টাকা দিয়ে ভোট কেনার অভিযোগে উপজেলা বিএনপির এক নেতাকে আটক করেছে সেনাবাহিনী। এ সময় তার কাছ থেকে ২০ হাজার টাকা জব্দ করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, উপজেলার ইন্দুরকানী বাজার কমিটির সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা মো. হারুনার রশিদ গত ১০ ফেব্রুয়ারি রাতে কয়েকজন বিএনপি কর্মীকে সঙ্গে নিয়ে ইন্দুরকানী মীরাবাড়ি এলাকায় ধানের শীষের পক্ষে ভোট কেনার উদ্দেশ্যে যান।
স্থানীয়রা বিষয়টি টের পেয়ে বাধা দিলে হারুন ও তার সঙ্গীরা ক্ষিপ্ত হয়ে তাদের মারধর এবং প্রাণনাশের হুমকি দেয় বলে অভিযোগ রয়েছে।
তাৎক্ষণিকভাবে বিষয়টি ইন্দুরকানী সেনা ক্যাম্পে জানানো হলে সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থলে পৌঁছে। সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে যায়। পরে হারুনকে আটক করা হয় এবং তার কাছ থেকে ২০ হাজার টাকা জব্দ করে তাকে ইন্দুরকানী থানায় হস্তান্তর করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপি কর্মীদের মারধরে আহত হয়েছেন- ইন্দুরকানী গ্রামের ইউছুফ মৃধার ছেলে ইসমাইল মৃধা, সাবেক ইউপি সদস্য আবুল বাশার মৃধার ছেলে আরিফ ও বাদল মীরের ছেলে মারুফ মীরসহ আরও কয়েকজন।
বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বন্যা খাতুন এবং অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন জাহান সাংবাদিকদের জানান, বিষয়টি শুধু ঘুষ দিয়ে ভোট কেনার অভিযোগেই সীমাবদ্ধ নয়; মারধর ও হুমকির ঘটনাও ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আইনের মাধ্যমে সংশ্লিষ্ট সকল আসামির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।