ভোলায় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ব্যালট পেপারসহ নির্বাচনী সরঞ্জামাদি কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে উপজেলা সদর কার্যালয় থেকে সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসারদের কাছে সরঞ্জাম হস্তান্তর করা হয়। দুপুর ৩টার মধ্যেই প্রিজাইডিং অফিসাররা মালামাল নিয়ে নিজ নিজ কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হন।
সকাল ১১টা থেকে সদর উপজেলা পরিষদ মিলনায়তন থেকে ভোলা-১ আসনের ১১৪টি কেন্দ্রের ব্যালট পেপার ও অন্যান্য সরঞ্জাম বিতরণ করা হয়। একই সময়ে ভোলা-২ আসনের সরঞ্জাম বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে, ভোলা-৩ আসনের সরঞ্জাম লালমোহন ও তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে এবং ভোলা-৪ আসনের সরঞ্জাম চরফ্যাসন ও মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে বিতরণ করা হয়। সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসাররা এসব সরঞ্জাম নিজ দায়িত্বে কেন্দ্রে নিয়ে যান।
জেলা নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ভোলার চারটি সংসদীয় আসনে মোট ৫২৫টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে ১৩১টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত। মেঘনা ও তেঁতুলিয়া নদীর মধ্যবর্তী চরাঞ্চলে রয়েছে ৪৩টি কেন্দ্র।
নির্বাচন সুষ্ঠু ও অবাধ করতে জেলায় মোট ১০ হাজার ১০০ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে অস্ত্রধারী পুলিশ ও আনসারসহ ১৩ জন সদস্য দায়িত্ব পালন করছেন। পাশাপাশি নৌবাহিনী, কোস্টগার্ড ও বিজিবির টহল টিম সার্বক্ষণিক নজরদারিতে রয়েছে।