প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:২৮ পিএম (ভিজিট : ৯৩)

X
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী ও দেশের অভ্যন্তরে থাকা ভোটাররা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছেন। আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫টা পর্যন্ত পাওয়া তথ্যে দেখা গেছে, ১১ লাখ ৫৭ হাজারের বেশি ভোটার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছেন।
নির্বাচন কমিশনের তথ্যানুযায়ী, প্রবাসী ভোটারদের জন্য পাঠানো ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট সংশ্লিষ্ট দেশগুলোতে পৌঁছেছে। এর মধ্যে ৫ লাখ ৪৩ হাজার ৪৯৯ জন ভোটার ব্যালট গ্রহণ করেছেন এবং ৫ লাখ ৩১ হাজার ২১৪ জন তাদের ভোট দিয়েছেন। প্রবাসীদের দেয়া ভোটের মধ্যে ৫ লাখ ২৩ হাজার ৪৯৭টি ব্যালট সংশ্লিষ্ট দেশের ডাক বাক্সে জমা পড়েছে। এখন পর্যন্ত ৪ লাখ ৯১ হাজার ৬১৫টি ব্যালট বাংলাদেশে এসে পৌঁছেছে এবং ৪ লাখ ৬৬ হাজার ২৪৩টি ব্যালট রিটার্নিং কর্মকর্তারা গ্রহণ করেছেন।
অন্যদিকে, দেশের অভ্যন্তরে অবস্থিত ভোটারদের জন্য ডাক বিভাগের মাধ্যমে ৭ লাখ ৬০ হাজার ৮৯৮টি ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে ৬ লাখ ৪৫ হাজার ৭৯৮ জন ভোটার ব্যালট গ্রহণ করেছেন। অভ্যন্তরীণ ভোটারদের মধ্যে ৬ লাখ ২৬ হাজার ১৪৯ জন তাদের ভোটদান সম্পন্ন করেছেন। ভোটাররা ৬ লাখ ১৩ হাজার ৫১০টি ব্যালট পোস্ট অফিস বা ডাক বাক্সে জমা দিয়েছেন। রিটার্নিং কর্মকর্তারা এখন পর্যন্ত ৫ লাখ ৩৫ হাজার ৪৫৩টি ব্যালট হাতে পেয়েছেন।
নির্বাচন কমিশন জানিয়েছে, পোস্টাল ভোটের প্রক্রিয়াটি স্বচ্ছ ও আধুনিক করার লক্ষ্যে বিশেষ মোবাইল অ্যাপ ব্যবহার করা হচ্ছে। প্রবাসী ও অভ্যন্তরীণ ভোটাররা যেন নিরাপদে ও সহজে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। প্রাপ্ত ব্যালটগুলো রিটার্নিং কর্মকর্তাদের কাছে পৌঁছানোর পর তা নিয়ম অনুযায়ী মূল ভোট গণনার সঙ্গে যুক্ত করা হবে।