প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৩২ এএম (ভিজিট : ১২০)

X
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে যশোর জেলার ছয়টি সংসদীয় আসনের ৮২৪টি কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে ভোটাররা লাইনে দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে ভোট প্রদান করছেন। সকাল সাড়ে ৯টা পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পুরুষ ভোটারের তুলনায় নারী ভোটারের উপস্থিতি বেশি লক্ষ্য করা গেছে। সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে ভোটারদের ভোটাধিকার প্রয়োগ করতে দেখা যায়।
সকাল সাড়ে ৯টা পর্যন্ত অন্তত ৯টি কেন্দ্র সরেজমিনে পরিদর্শন করে এ চিত্র পাওয়া গেছে। যশোর বালিয়াডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শহরের এমএসটিপি বালিকা বিদ্যালয়, হাসিমপুর মাধ্যমিক বিদ্যালয়, বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়, পাঁচবারিয়া বালিকা বিদ্যালয়, উপশহর শহীদ স্মৃতি প্রাথমিক বিদ্যালয়, বিএড কলেজ কেন্দ্র, এম এন খান সরকারি প্রাথমিক বিদ্যালয়, উপশহর মাধ্যমিক বিদ্যালয় এবং তালবাড়িয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন কেন্দ্রে ছিল উৎসবের আমেজ।
তালবাড়িয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা সুজাউল হক জানান, কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। ২ হাজার ৪৮৮ জন ভোটারের মধ্যে প্রথম দুই ঘণ্টায় ৩৫০ জন ভোট দিয়েছেন, যা প্রায় ১৪ শতাংশ।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, যশোর জেলায় মোট ভোটার সংখ্যা ২৪ লাখ ৭১ হাজার ৯০৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১২ লাখ ৩৮ হাজার ৯০৬ জন, নারী ভোটার ১২ লাখ ৩২ হাজার ৯৭৭ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ২৫ জন। জেলায় মোট ৩৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটগ্রহণের জন্য প্রস্তুত করা হয়েছে ৮২৪টি কেন্দ্র ও ৪ হাজার ৬৭৯টি ভোটকক্ষ। দায়িত্ব পালন করছেন ৮২৪ জন প্রিজাইডিং কর্মকর্তা, ৪ হাজার ৬৭৯ জন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা এবং ৯ হাজার ৩৫৮ জন পোলিং কর্মকর্তা।
নির্বাচনকে ঘিরে নিরাপত্তা জোরদার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। র্যাব-৬ জানিয়েছে, যশোর জেলার দায়িত্বপ্রাপ্ত ছয়টি আসনে মোট ১২টি টহল দল ও গোয়েন্দা ইউনিট কাজ করছে। পাশাপাশি নড়াইলের দুটি আসনে চারটি টহল দল দায়িত্ব পালন করছে। গত ৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এ নিরাপত্তা কার্যক্রম চলবে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত।