প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৪৫ এএম আপডেট: ১২.০২.২০২৬ ১১:৫৩ এএম (ভিজিট : ৭৩)

X
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন বাংলাদেশ গণতন্ত্রের পথে রওনা দিয়েছে, গণতন্ত্রের ট্রেন ইনশাল্লাহ গন্তব্যে পৌঁছাবে।
আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
এ সময় সিইসি বলেন, নির্বাচনের মাঠে বিভিন্ন সংগঠনের লোকজন আছেন। নির্বাচনের মাঠে সবাইকে ইলেকশন ওরিয়েন্টেড ট্রেনিং দিয়ে কাজে লাগানো হয়েছে। এই যে একটা বিশাল কর্মযজ্ঞ, আমার মনে হয় এর চেয়ে বড় কো-অর্ডিনেশনের কাজ আর নাই। আমরা এ পর্যন্ত আপনাদের সহযোগিতা নিয়ে সব চ্যালেঞ্জ মোকাবিলা করে এসেছি, আমরা জানি না সামনে আরও কী চ্যালেঞ্জ আসবে। আপনার সহযোগিতা নিয়ে আমরা সব চ্যালেঞ্জ মোকাবিলা করব।
সিইসি এক প্রশ্নের জবাবে বলেন, আপনারা সবাই বলবেন এইটা পাতানো নির্বাচন হচ্ছে নাকি ভালো নির্বাচন হচ্ছে। আমরা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের যে ওয়াদা জাতিকে দিয়েছিলাম সেই লক্ষ্যে আমরা কাজ করে গেছি। আমরা কারো পক্ষে নই, কারো বিপক্ষে নই, আমরা শুধু একটা নির্বাচনের সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করেছি। আমরা ধারণা আমরা আপনাদের সহযোগিতা নিয়ে সেটা করতে পেরেছি।
এই দেশে কোনো পাতানো নির্বাচন হবে না। এই পাতানো নির্বাচনের ইতিহাস আমাদের ভুলে যেতে হবে। কেন্দ্র দখলের ইতিহাস আমাদের ভুলে যেতে হবে। ভোটের বাক্স দখলের ইতিহাস আমাদের ভুলে যেতে হবে।
তিনি আরও বলেন, ২৫ কোটি ৪০ লাখ ব্যালট পেপার আমাদের ছাপাতে হয়েছে। এগুলো বিভিন্ন কেন্দ্রে যথারীতি সময়ে পৌঁছাতে হয়েছে। বিষয়টি একবার ভাবুন আপনারা, কত বড় কাজ আমাদের কাঁধে নিতে হয়েছে। আমরা ভোটার, রাজনৈতিক দল, প্রার্থী, সাংবাদিক এবং ভোটের সঙ্গে যারা সম্পৃক্ত আছেন তাদের সবার সহযোগিতা নিয়ে কাজ করে গেছি। শিডিউল বাহিরে আমি সবার সাথে কথা বলেছি। আমি সবাইকে বলেছি আপনারা কারো পক্ষে কাজ করবেন না, কারো বিপক্ষে কাজ করতে পারবেন না। আপনারা প্রফেশনালি এবং নিরপেক্ষভাবে কাজ করবেন।