প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৪৪ এএম (ভিজিট : ১০২)

X
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় রাতভর গুজব ও সতর্ক পাহারার পর বৃহস্পতিবার সকাল থেকে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টায় উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৭৯টি কেন্দ্রে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়।
সকাল ৮টা ৩০ মিনিটে পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটার উপস্থিতি তুলনামূলক কম দেখা যায়। এ সময় পর্যন্ত কেন্দ্রে প্রায় ২২৮টি ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।
সকাল ৯টায় শহিদ আলাউদ্দিন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রায় তিন শতাধিক ভোট গ্রহণের তথ্য পাওয়া যায়। এ কেন্দ্রেও সকালের দিকে ভোটার উপস্থিতি কম ছিল।
তবে সকাল ৯টা ৩০ মিনিটে বাহাদিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নারী ভোটারদের দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে। শতবর্ষী বৃদ্ধা চানবানুও নিজের নাগরিক অধিকার প্রয়োগ করতে কেন্দ্রে উপস্থিত হন। এ কেন্দ্রে এ সময় পর্যন্ত প্রায় ৯ শতাধিক ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।
ধানের শীষ প্রতীকের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ভিপি কামাল উদ্দিন বলেন, সুষ্ঠু ও স্বতঃস্ফূর্ত পরিবেশে ভোটগ্রহণ চলছে। কোথাও কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।