প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৫৪ পিএম (ভিজিট : ৬২)

X
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দিনেই দেখা গেলো এক অদ্ভুত দৃশ্য। নাতির কোলে চড়ে ভোট দিলেন নব্বইউর্ধ্ব দাদা শাহজাহান মোল্লা।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া উপজেলার নয়াদিল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসেন শাহজাহান মোল্লা।
স্থানীয়রা জানান, দাদা শাহজাহান কয়েক বছর ধরে চিকিৎসকের কাছে যাওয়া ছাড়া বাড়ি থেকে খুব একটা বের হন না। আজ ভোট দেওয়ার ইচ্ছা প্রকাশ করলে প্রবীণ এই ভোটারের দুই নাতি স্বাধীন ও দুলাল তাকে কোলে নিয়ে কেন্দ্রে হাজির হন।
প্রবীণ ভোটার শাহজাহান মোল্লা বলেন, 'জীবনের শেষ সময়ে নাতিদের কোলে চড়ে কেন্দ্রে গিয়ে ভোট দিলাম। খুব খুশি লাগছে। পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছি।'
শাহজাহান মোল্লা নাতি স্বাধীন বলেন, ভোট উৎসবের খবর শুনে অসুস্থ দাদা ভোট দিতে চাইলেন। তাই, তাকে কোলে নিয়ে কেন্দ্র পর্যন্ত পৌঁছে ভোট দিতে সাহায্য করেছি।
সব মিলিয়ে, বয়স ও অসুস্থতা জয় করে ভোটাধিকার প্রয়োগের এই দৃশ্য নির্বাচনের উৎসবমুখর পরিবেশে নতুন রঙ যোগ করেছে।