প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:২৭ পিএম (ভিজিট : ১৩২)

X
সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে জাল ভোট দেওয়ার চেষ্টার অভিযোগে রুবেল হোসেন (২২) নামের এক যুবককে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কয়ড়া ফাজিল ডিগ্রি মাদরাসা ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।
দণ্ডপ্রাপ্ত রুবেল হোসেন উল্লাপাড়া উপজেলার কয়রা চরপাড়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে।
কেন্দ্র সূত্রে জানা গেছে, এক প্রবাসীর নামে ভোট দেওয়ার উদ্দেশ্যে রুবেল কেন্দ্রে প্রবেশ করেন। ভোটগ্রহণ চলাকালে তার আচরণ সন্দেহজনক মনে হলে দায়িত্বরত কর্মকর্তারা তার নাম-পরিচয় যাচাই করেন। জিজ্ঞাসাবাদে তথ্যের অসঙ্গতি ধরা পড়লে বিষয়টি তাৎক্ষণিকভাবে উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেটকে অবহিত করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় তিনি জাল ভোট দেওয়ার চেষ্টার কথা স্বীকার করেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এরপর আদালত তাকে দুই বছরের কারাদণ্ড প্রদান করেন।
কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সন্দেহজনক আচরণের কারণে তাকে আটক করা হয়। যাচাই-বাছাই শেষে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিকভাবে সাজা দেওয়া হয়েছে। তবে তিনি কোনো রাজনৈতিক দলের সমর্থক কি না—এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।