প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:০১ পিএম (ভিজিট : ১৭৪)

X
ছেলের সঙ্গে ভোটকেন্দ্রে শতবর্ষী রহিমা বেগম
বয়সের ভারে নুয়ে পড়েছেন শত বছরের জীবনযুদ্ধে, তবুও থামেননি তিনি। গণতান্ত্রিক অধিকার প্রয়োগে দৃঢ় প্রত্যয়ে নারায়ণগঞ্জের রুপগঞ্জের একটি ভোটকেন্দ্রে হাজির হয়েছেন সম্ভ্রান্ত এই নারী।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ছেলের হাত ধরে হুইল চেয়ারে চড়ে ভোট দিতে এসেছেন শত বছর বয়সী বৃদ্ধা রহিমা বেগম। বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে উপজেলার তারাব পৌরসভার বরপা এলাকায় লিটল ফ্লাওয়ার এডুকেয়ার এন্ড হাই স্কুল কেন্দ্রে তিনি ভোট দিতে এসেছেন।
শত বছর বয়সী বৃদ্ধা রহিমা বেগমকে হুইল চেয়ারে করে নিয়ে এসেছেন তার ছেলে শাহীন ভূইয়া স্বপন।
ভোট দিতে আসা রহিমা বেগম বলেন, দীর্ঘ ১৮ বছর ভোট দিতে আসিনি। এবার উৎসব মুখোর পরিবেশে ভোট গ্রহণ চলছে। তাই ভোট দিতে এসেছি। খুব ভালো লাগছে। সবাই আমার জন্য দোয়া করবেন।
কেন্দ্রে উপস্থিত ভোটার ও স্থানীয়দের মধ্যে তার উপস্থিতি ছিল আলোচনার বিষয়। অনেকেই বলেন, বয়স ও শারীরিক সীমাবদ্ধতা সত্ত্বেও তার ভোটদানে আগ্রহ অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
উল্লেখ্য, নারায়ণগঞ্জ -১ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮ হাজার ৮২৯ জন। পুরুষ ভোটার রয়েছে ২ লাখ ৭ হাজার ৮৪৯ জন, নারী ভোটার রয়েছে ২ লাখ ২ হাজার ৯৭৭ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩ জন।