প্রকাশ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:০৯ পিএম (ভিজিট : ২৫৯)

X
জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারি ফলাফলে নিরঙ্কুশ জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তাদের জোট।
ঘোষিত ফল অনুযায়ী, বিএনপি নেতৃত্বাধীন জোট ২১০টি আসনে জয়লাভ করেছে। এর মধ্য দিয়ে বিএনপির নেতৃত্বে নতুন সরকার গঠনের পথ সুগম হয়েছে।
দলটির চেয়ারম্যান তারেক রহমান সরকারের নেতৃত্ব দেবেন বলে দলীয় সূত্রে জানা গেছে। এতে করে প্রায় ৩৫ বছর পর আবারও একজন পুরুষ প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে বাংলাদেশ।
গতকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে ভোট গণনা শেষে বিভিন্ন আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়।
ইতিহাস বলছে, সর্বশেষ ১৯৮৮ সালে প্রধানমন্ত্রী ছিলেন কাজী জাফর আহমেদ। ১৯৯০ সালের পর থেকে দেশে আর কোনো পুরুষ প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করেননি। দীর্ঘ সময় ধরে বিএনপির সাবেক চেয়ারপারসন খালেদা জিয়া ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সরকারপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এর আগে সকাল ৭টা ৩০ মিনিটে সারা দেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল সাড়ে ৪টায় শেষ হয়। এরপর কেন্দ্রগুলোতে গণনা কার্যক্রম শুরু হয়।
এবার মোট ভোটার ছিল ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ এবং হিজড়া ভোটার ১ হাজার ২৩২ জন।