প্রকাশ: রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৫৯ এএম (ভিজিট : ১৭১)

X
ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় মেহেদী হাসান শুভ খান (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে। রোববার (১৫ ফেব্রুয়ারি) ভোর আনুমানিক ৪টার দিকে উপজেলার ৩ নম্বর আমুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ছোনাউটা গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত বাবা মো. বারেক খানকে আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্র ও ওয়ার্ডের জনপ্রতিনিধি মো. কবির হোসেন জানান, নিহত শুভ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং নেশার টাকার জন্য প্রায়ই পরিবারের ওপর চাপ সৃষ্টি করতেন। শনিবার সন্ধ্যা প্রায় ৭টার দিকে একটি মোটরসাইকেল কেনার জন্য বাবার কাছে তিন লাখ টাকা দাবি করেন শুভ। অর্থ দিতে অস্বীকৃতি জানালে বাবাসহ পরিবারের সদস্যদের সঙ্গে তার তীব্র বাকবিতণ্ডা হয়।
এ সময় স্থানীয় আমুয়া বাজার থেকে একটি ধারালো দা কিনে নিয়ে শুভ বাবাকে হত্যার হুমকি দেন বলে অভিযোগ রয়েছে। পরে রাতের দিকে বাড়ির পশ্চিম পাশের বারান্দায় ঘুমাতে যান শুভ। ভোরের দিকে ক্ষোভ ও উত্তেজনার একপর্যায়ে বাবা বারেক খান ধারালো দা দিয়ে ঘুমন্ত ছেলেকে কুপিয়ে হত্যা করেন বলে অভিযোগ উঠেছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তকে ঘটনাস্থল থেকেই আটক করে থানায় নেওয়া হয়েছে।
কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছের রায়হান বলেন, “অভিযুক্তকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”