প্রকাশ: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৪৭ পিএম (ভিজিট : ২৬১)

X
হাটহাজারী পৌর এলাকার প্রায় মার্কেটে পার্কিংয়ে দোকান ভাড়া দিয়েছেন মার্কেট মালিক। অপরদিকে পার্কিংয়ে দোকান থাকায় গাড়ি থাকছে রাস্তায়। ফলে প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে যানজট। চরম দুর্ভোগে মানুষ।
পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং সংক্রান্ত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন সভাপতির বক্তব্যে এ কথা বলেন। তিনি সভায় উপস্থিত পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তাকে উদ্দেশ্য করে দ্রুত মার্কেটগুলো অনুমোদন আছে কিনা পার্কিংয়ে দোকান রাখার বিষয়ে সরেজমিনে ব্যবস্থা নেয়ার কথা বলেন। তিনি বলেন, অন্তত অভিযুক্ত একটি মার্কেটের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ করা হয় তাহলে অন্যরা সচেতন ও আইনের প্রতি শ্রদ্ধাশীল হবেন।
সাধারণ মানুষও দুর্ভোগ থেকে মুক্তি পাবে। রমজানে খাদ্যপণ্যে ভেজাল, অতিরিক্ত মূল্য, মজুদকারীদের হুশিয়ারি দিয়ে বলেন, কোন রোজাদার কস্ট পেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এসময় তিনি হাটহাজারী বাসস্ট্যন্ডের যানজট নিরসনে সড়ক ও জনপদ বিভাগের পরিকল্পিত ব্যবস্থাসমূহের কাজ ধীরগতিতে হওয়ায় হতাশা প্রকাশ করেন। সভায় বক্তারা পৌরসভার পাশাপাশি উপজেলার প্রতিটা ইউনিয়ন পর্যায়ে বাজার মনিটরিংয়ের অনুরোধ জানান। প্রশাসনের পাশাপাশি এলাকার জনপ্রতিনিধিদের মনিটরিংয়ের জন্য নির্দেশনা প্রদানে উপজেলা প্রশাসনের নিকট অনুরোধ জানান। কাঁচা মরিচ, বেগুনসহ মাছ, মাংস বিক্রির উপর কড়া নজরদারীর অনুরোধ জানিয়ে বলেন, বিভিন্ন অজুহাতে রমজানের দুদিন আগ থেকেই মাছ বিশেষ করে গরুর মাংস, ব্রয়লার ও দেশী মুরগির চড়া দাম নেন ব্যবসায়ীরা।
সভা শেষে সভাপতির বক্তব্যে ইউএনও বাজার মনিটরিং কমিটি এবং কন্ট্রোল রুম খোলা হবে জানিয়ে বলেন, যে কোন স্থান থেকে নির্দিষ্ট নাম্বারে ফোন দিয়ে অবহিত করলে দ্রুত ব্যবস্থা নেয়া হবে। এসময় তিনি সকলের প্রতি রোজাদারদের সম্মানে ভ্রাম্যমান ইফতার বিতরণের অনুরোধ জানান। উপজেলা প্রশাসন থেকেও এ কর্মসূচী নেয়া হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। সোমবার (১৬ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পৌরসভা ব্যবসায়ী সমিতির সদস্য সচিব জসিম উদ্দিন বাবুল, যুগ্ম আহবায়ক নুরুন্নবী চৌধুরী নুরু, হাটহাজারী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রতিষ্ঠান প্রধান মোঃ গিয়াস উদ্দিন, কাচারি সমিতি বনিক সমিতির সাধারণ সম্পাদক রেজাউল করিম বাবু, সাংবাদিক খোরশেদুল আলম শিমুল, হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মোঃ বোরহান উদ্দিন, অর্থ সম্পাদক আবুল মনছুর, পৌর নির্বাহী কর্মকর্তা সুমন প্রমুখ।
সভায় সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ শওকত আলী, প্রকৌশলী সাখাওয়াত হোসেন, হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ আকরাম উদ্দিন, মডেল থানার সেকেন্ড অফিসার এস আই নাজমুল হাসানসহ বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান উপস্থিত ছিলেন।এদিকে সভায় পৌরসভা ও আমানবাজার এলাকার কয়েকজন ব্যবসায়ী উপস্থিত থাকলেও উপজেলা প্রশাসন থেকে নোটিশ করার পরও কোন মাছ,মাংস, কাঁচা তরকারী, মুদি ব্যবসায়ীরা সভায় উপস্থিত ছিলেন না।