গোপালগঞ্জ জেলার প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফ-উজ-জামান সোমবার (১৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় মুকসুদপুর উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন করেন। এ সময় তিনি মাঠপর্যায়ের প্রশাসনিক কার্যক্রমের অগ্রগতি, সেবার মান এবং নাগরিকদের প্রাপ্ত সুবিধা সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনের শুরুতে তিনি মুকসুদপুর থানায় গিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি, মামলা নিষ্পত্তির অগ্রগতি এবং অভিযোগ গ্রহণ ও প্রতিকার ব্যবস্থার খোঁজখবর নেন। সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে জনসেবাকে আরও কার্যকর ও সময়োপযোগী করার ওপর গুরুত্বারোপ করেন।
পরে সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়, মুকসুদপুর পরিদর্শন করে নামজারি, দাখিল-খারিজ, খাজনা আদায়সহ ভূমি-সংক্রান্ত সেবার সার্বিক কার্যক্রম পর্যালোচনা করেন। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের পাশাপাশি সেবাগ্রহীতাদের ভোগান্তি কমাতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের নির্দেশ দেন তিনি।
এরপর গোবিন্দপুর ইউনিয়ন পরিষদে গিয়ে ইউনিয়ন পর্যায়ের উন্নয়ন কার্যক্রম, সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও নাগরিক সেবার মানোন্নয়ন নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন। ইউনিয়ন পরিষদে সেবার পরিধি বৃদ্ধি ও নতুন পরিকল্পনা গ্রহণের ওপরও তিনি গুরুত্ব দেন।
এছাড়া উপজেলার বিভিন্ন তহশিল অফিস পরিদর্শন করে মাঠ প্রশাসনের কাজের গতি ও কার্যকারিতা বাড়াতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন জেলা প্রশাসক।
পরিদর্শনকালে তাঁর সঙ্গে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবির এবং সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাছনাতসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।