সুনামগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাকিয়া সুলতানা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তাপস শীল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক আব্দুল কদ্দুছ, সহকারী প্রধান শিক্ষক এ. কে. আজাদ, সহকারী প্রধান শিক্ষক নিখিল চন্দ্র দেবনাথ এবং বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের মাতা ও প্রাক্তন শিক্ষক খুদেজা বেগম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠান পরিচালনা কমিটির সম্পাদক ও সহকারী শিক্ষক মোহাম্মদ সামসুদ্দীন। অনুষ্ঠান সঞ্চালনা করেন নবম শ্রেণির শিক্ষার্থী দিবস তালুকদার ও শুভজিৎ শান।
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। পরে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
সাংস্কৃতিক পর্বে সিনিয়র জুবিলীয়ান ও শিল্পী মাকসুদুর রহমান দিপু সঙ্গীত পরিবেশন করেন। যন্ত্রসংগীতে সহযোগিতা করেন অমিত বর্মণ, অনুপম প্রতিক, রুম্মান আলতাব ও কাব্য চন্দ। এছাড়া বিদ্যালয়ের একাধিক শিক্ষার্থীও সঙ্গীত পরিবেশন করে অনুষ্ঠানে প্রাণচাঞ্চল্য সৃষ্টি করেন।