
X
রাজধানীর মিরপুরে উৎসবমুখর ও বর্ণিল পরিবেশে এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল মিরপুরের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ অত্যন্ত আনন্দঘন ও সাফল্যমণ্ডিতভাবে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে দিনব্যাপী মিরপুর সিটি ক্লাব মাঠে এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল মিরপুরের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও হেড অব স্কুল মোহাম্মদ আনিসুর রহমান সোহাগ।
গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিক্ষাবিদ ও বরেণ্য ইসলামি স্কলার প্রফেসর মোখতার আহমাদ (লিড স্কলার, এভেরোজ শরিয়াহ ও ইসলামিক সেন্টার), মজিদুল হক (চেয়ারম্যান, উইজডম ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ) এবং মো. আফজালুল ইসলাম (হেড অব ইসলামিক ব্যাংকিং, সিটি ব্যাংক পিএলসি)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জুনায়েদ আহমেদ (ব্যবস্থাপনা পরিচালক, ব্রিটিশ কাউন্সিল সার্ভিসেস লিমিটেড), আবদুল্লাহ আল-মামুন লিটন (রিজিওনাল ডেভেলপমেন্ট ম্যানেজার-বাংলাদেশ ও নেপাল, পিয়ারসন), জান্নাতুল ফেরদৌস সিগমা (রিজিওনাল ডেভেলপমেন্ট ম্যানেজার, পিয়ারসন), সারওয়াত রেজা (কান্ট্রি লিড-বাংলাদেশ, কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট), মো. শাহিন রেজা (কান্ট্রি ডিরেক্টর-বাংলাদেশ ও নেপাল, অক্সফোর্ড একিউএ), সৈয়দা মণিকা সোহাগ (পরিচালক, এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল মিরপুর ও উত্তরা) এবং উম্মে হানি (পরিচালক, এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল মিরপুর ও উত্তরা)।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গোলাম মোস্তফা, ব্যবস্থাপনা পরিচালক এবং পরিচালক অর্থ, এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল মিরপুর।
অনুষ্ঠানের শুরুতে বাংলা ও ইংরেজি অনুবাদসহ পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। এরপর জাতীয় পতাকা উত্তোলন, কবুতর ও রঙিন বেলুন উড়িয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।
এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল মিরপুরের প্রায় ১১০০ শিক্ষার্থী, ২১৫ জন শিক্ষক ও স্টাফ এবং প্রায় ২৫০০ অভিভাবক ও অতিথি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। মোট ২৫১টি ক্রীড়া ইভেন্ট অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের দ্বিতীয়ার্ধে এভেরোজ অ্যালামনাই, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও বিভিন্ন খেলায় অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আনিসুর রহমান সোহাগ বলেন, আজকের এই আয়োজন কেবল একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়, এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের চরিত্র গঠন, নেতৃত্বের বিকাশ এবং আত্মবিশ্বাস তৈরির এক গুরুত্বপূর্ণ মঞ্চ। মাঠে প্রতিটি পদক্ষেপ আমাদের শিক্ষার্থীদের শৃঙ্খলা, সাহস, অধ্যবসায় এবং দলগত চেতনার শিক্ষা দেয়, যা জীবনের প্রতিটি ক্ষেত্রেই তাদের সফলতার ভিত্তি হয়ে উঠবে।
এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল মিরপুরে আমরা বিশ্বাস করি, প্রকৃত শিক্ষা শুধু শ্রেণিকক্ষের ভেতরে সীমাবদ্ধ থাকে না; শিক্ষা গড়ে ওঠে অভিজ্ঞতায়, চ্যালেঞ্জে, সহযোগিতায় এবং বাস্তব অনুশীলনের মাধ্যমে। Sports Day সেই শিক্ষারই এক জীবন্ত প্রতিফলন, যেখানে জয় বা পরাজয়ের চেয়েও বড় হয়ে ওঠে অংশগ্রহণের সাহস, আন্তরিক প্রচেষ্টা এবং শক্তিশালী চরিত্র গঠনের যাত্রা।
আজকের এই মাঠে দাঁড়িয়ে আমরা শুধু খেলাধুলা দেখছি না, আমরা দেখছি ভবিষ্যতের সেই নেতৃত্বকে, যারা জ্ঞান, নৈতিকতা এবং আত্মবিশ্বাস নিয়ে সমাজ ও বিশ্বকে এগিয়ে নেবে। আমাদের দায়িত্ব তাদের জন্য এমন একটি পরিবেশ তৈরি করা, যেখানে তারা শারীরিকভাবে শক্তিশালী, মানসিকভাবে দৃঢ় এবং নৈতিকভাবে সমৃদ্ধ মানুষ হিসেবে গড়ে উঠতে পারে।
উল্লেখ্য, এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল গত এক দশকে বাংলাদেশের অন্যতম বৃহৎ ও স্বনামধন্য ইসলামিক ইংলিশ মিডিয়াম শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সুপ্রতিষ্ঠিত হয়েছে। ২০১৬ সালে একটি ক্যাম্পাস নিয়ে যাত্রা শুরু করে বর্তমানে এটি ১১টি ক্যাম্পাসে বিস্তৃত একটি শিক্ষা নেটওয়ার্কে পরিণত হয়েছে, যেখানে প্রায় ৪ হাজার শিক্ষার্থী অধ্যয়নরত।
প্রতিষ্ঠানে সকল শিক্ষার্থীর জন্য কুরআন শিক্ষা বাধ্যতামূলক এবং আগ্রহী শিক্ষার্থীদের জন্য রয়েছে পূর্ণ হিফয প্রোগ্রাম। বর্তমানে প্রায় ১ হাজার ৪০০ শিক্ষার্থী হিফয প্রোগ্রামে অধ্যয়ন করছে এবং শতাধিক শিক্ষার্থী হাফেজে কুরআন হওয়ার গৌরব অর্জন করেছে।
প্রতিবছর এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ও লেভেল এবং এ লেভেল পরীক্ষায় অসাধারণ ফলাফল অর্জন করে পিয়ারসন হাই অ্যাচিভার্স অ্যাওয়ার্ড এবং দ্য ডেইলি স্টার অ্যাওয়ার্ড লাভ করে আসছে।