প্রকাশ: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৩০ পিএম (ভিজিট : ৩৫)

X
আসন্ন পবিত্র রমজান মাসকে সামনে রেখে চট্টগ্রামের অন্যতম বৃহৎ পাইকারি বাজার খাতুনগঞ্জে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে পরিচালিত এই অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে সাতটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ২১ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযানে দেখা যায়, মেসার্স আমেনা ট্রেডার্স খাদ্যে ব্যবহারযোগ্য হিসেবে অত্যন্ত ক্ষতিকর হাইড্রোজ বিক্রি করায় তাদের সর্বোচ্চ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একইভাবে কৃত্রিম রং মিশিয়ে মুগডাল বিক্রির দায়ে মেসার্স হাজী স্টোরকে ৪০ হাজার টাকা দণ্ড দেওয়া হয়। এছাড়া মধুবন ইন্টারন্যাশনালকে মেয়াদহীন কেক ও অনুমোদনহীন বিদেশি পণ্য বিক্রির অপরাধে ১০ হাজার টাকা এবং রহমান হোটেলকে পোড়া তেল ও হাইড্রোজ ব্যবহারের দায়ে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, বাজারে স্বচ্ছতা নিশ্চিত করতে মূল্যতালিকা প্রদর্শন না করায় মেসার্স আনাস ট্রেডিংকে ৫ হাজার টাকা ও আল হাকিম বাণিজ্যালয়কে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসাথে চা পাতার প্যাকেটে দাম উল্লেখ না থাকায় এ আর এল টি হাউসকেও ৪ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ জানান, কিছু অসাধু ব্যবসায়ী বেশি লাভের আশায় ডাল ও মসলায় রং মিশিয়ে মানুষের স্বাস্থ্যঝুঁকি বাড়াচ্ছেন। জনস্বার্থে এই ধরনের কঠোর তদারকি ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।