প্রকাশ: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:১১ এএম আপডেট: ১৭.০২.২০২৬ ১১:৩৫ এএম (ভিজিট : ১৮২)

X
বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের মন্ত্রিসভায় শপথ নিতে ডাক পেয়েছেন কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। মঙ্গলবার সকালে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে টেলিফোনে তাকে শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য জানানো হয়। তাঁর ঘনিষ্ঠ একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। এরপর বিকেলে নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। সম্ভাব্য মন্ত্রিসভা সদস্যদের তালিকায় কায়কোবাদের নাম থাকায় মুরাদনগরজুড়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে।
দীর্ঘ রাজনৈতিক জীবনে কুমিল্লা-৩ আসন থেকে ছয়বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এই বর্ষীয়ান নেতা। দলের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা কায়কোবাদ সর্বশেষ নির্বাচনেও বিপুল ভোটে জয় লাভ করেন। তিনি পেয়েছেন ১ লাখ ৫৯ হাজার ২৫১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ইউসুফ সোহেল পেয়েছেন ১ লাখ ৯ হাজার ৫৯৯ ভোট।
অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতার কারণে নতুন মন্ত্রিসভায় কায়কোবাদের অন্তর্ভুক্তি তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এখন দেখার বিষয় সরকারের কোন গুরুত্বপূর্ণ দায়িত্বে এই প্রবীণ নেতাকে দেখা যায়।