প্রকাশ: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৪৮ পিএম (ভিজিট : ৯৫)

X
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে স্কুলছাত্র তামীম হোসেন (৭) হত্যা মামলায় তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত।
একই সঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড করা হয়েছে। মামলার অপর আসামি মান্নান আকন্দকে দুই বছরের কারাদণ্ড, পাঁচ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার বিকেল সাড়ে তিনটায় জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ইকবাল হোসেন এ রায় ঘোষণা করেন।
আদালত সূত্রে জানা গেছে, নিহত তামীম হোসেন উল্লাপাড়া উপজেলার নরসিংহপাড়া গ্রামে নানার বাড়িতে থেকে পড়াশোনা করত। ২০১৭ সালের ১০ ফেব্রুয়ারি সে নানার বাড়ি থেকে নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির একপর্যায়ে পরদিন সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নরসিংহপাড়ার বাবুল আকতারের সরিষা ক্ষেতে তার মরদেহ দেখতে পান। এ সময় তার গলায় রশি পেঁচানো এবং মাথার পেছনে আঘাতের চিহ্ন ছিল।
এ ঘটনায় নিহতের বাবা সোলেমান ফকির বাদী হয়ে উল্লাপাড়া মডেল থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা করেন। তদন্ত চলাকালে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে। পরে তারা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। তদন্ত শেষে চারজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।
দীর্ঘ শুনানি ও সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত আজ এ রায় দেন। নিহত তামীম হোসেন উল্লাপাড়া উপজেলার চকপাঙ্গাসী গ্রামের সোলেমান ফকিরের ছেলে।