প্রকাশ: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৫৭ পিএম আপডেট: ১৭.০২.২০২৬ ৯:০২ পিএম (ভিজিট : ২৭২)

X
প্রথমবার সংসদ সদস্য হয়েই মন্ত্রী হলেন মানিকগঞ্জ-৩ (সদর ও সাটুরিয়া) আসনের সংসদ সদস্য আফরোজা খানম (রিতা)। স্বাধীনতার পর এই আসনে তিনিই একমাত্র নারী সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেন। এসময় আফরোজা খানম রিতা বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে শপথ নেন।
তিনি মন্ত্রিসভায় স্থান পাওয়ায় মানিকগঞ্জে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
মানিকগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থী আফরোজা খানম ১ লাখ ৬৭ হাজার ৩৪৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তিনি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য এবং জেলা বিএনপির আহ্বায়ক এবং মুন্নু গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান। তার বাবা হরিরামপুরের কৃতি সন্তান প্রয়াত শিল্পপতি হারুনার রশিদ খান মুন্নু মানিকগঞ্জ-২ ও মানিকগঞ্জ-৩ আসন থেকে চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং মন্ত্রীও ছিলেন।
বাবার হাত ধরেই রাজনীতিতে আসেন হরিরামপুরের কন্যা আফরোজা খানম রিতা। ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ ও মানিকগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থী হিসেবে তার বাবা হারুনার রশিদ খানের প্রধান নির্বাচন সমন্বয়কারীর দায়িত্ব পালনের মধ্য দিয়ে তার রাজনৈতিক জীবনের সূচনা হয়।
এরপর জেলা ও রাজধানী ঢাকায় দলীয় বিভিন্ন কর্মসূচিতে নেতাকর্মীদের নিয়ে অংশ নেন তিনি। ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ (হরিরামপুর ও সিঙ্গাইর) আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন আফরোজা খানম রিতা।
২০১০ সালে তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হন। পরের বছর, ২০১৩ সালে জেলা বিএনপির সভাপতির দায়িত্ব গ্রহণ করেন।
আফরোজা খানম রিতা মন্ত্রিসভায় ডাক পাওয়ায় জেলা বিএনপির নেতাকর্মীসহ জেলাবাসীর মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা দিয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য আ ফ ম নূরতাজ আলম বাহার বলেন, আফরোজা খানম রিতা মন্ত্রী হতে যাচ্ছেন— এ খবরে শুধু দলের নেতাকর্মীরাই নন, পুরো জেলাবাসীই আনন্দিত ও গর্বিত।
মন্ত্রী হয়ে জেলার উন্নয়নে তিনি আরও ভূমিকা রাখার সুযোগ পাবেন। ঢাকার খুব কাছের জেলা হয়েও বিগত সময়ে মানিকগঞ্জে উল্লেখযোগ্য উন্নয়ন হয়নি। আফরোজা খানম রিতা মন্ত্রী হওয়ায় অবহেলিত এই জেলার উন্নয়নসহ সারা দেশে কাজ করার সুযোগ পাবেন।
বিকেলে আফরোজা খানম রিতার জন্মভূমি হরিরামপুর উপজেলায় বিশাল এক আনন্দ মিছিল করেছেন। উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শামসুল আলম খান মিশুক। এসময় তার সাথে যুবদল, ছাত্রদল সহ বিএনপির অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।