প্রকাশ: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৪৫ পিএম (ভিজিট : ৪১৭)

X
মানবতার সেবায় অবিরাম কাজ করে চলেছে আল নজির ফাউন্ডেশন। দীর্ঘদিন ধরে এতিম, অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে সহায়তা দিয়ে আসা এই প্রতিষ্ঠান পবিত্র মাহে রমজান উপলক্ষে বড় আকারে ইফতার সামগ্রী ও নগদ অর্থ সহায়তা বিতরণ করেছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ২টায় রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের বড়বিলস্থ ফাউন্ডেশনের নিজস্ব কার্যালয়ে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে এই সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে মাওলানা হাফেজ ইসমাইল সঞ্চালনা করেন।
আল নজির ফাউন্ডেশনের পরিচালক ড. আল্লামা হারুন আজিজি আন নদভী বলেন, তাঁর মরহুম পিতা অলিয়ে কামেল নজির আহমেদ ও মাতার নামে প্রতিষ্ঠিত এই ফাউন্ডেশন মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। তিনি জানান, “আমরা চাই দুঃস্থ ও এতিমদের পাশে দাঁড়িয়ে তাদের কষ্ট কিছুটা হলেও লাঘব করতে। এই উদ্যোগ আমাদের বাবা-মায়ের রুহের মাগফিরাতের জন্য উৎসর্গ করা হয়েছে।”
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা হাফেজ আবদুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার হেফাজতে ইসলামের সেক্রেটারি মাওলানা শেখ ইয়াসিন হাবিব, মাওলানা আজিজুল হক, মাওলানা মাহবুবুর রহমান, নাইক্ষ্যংছড়ি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও প্রেসক্লাব সভাপতি আবদুল হামিদ, দৈনিক ইত্তেফাক ও ৭১ টিভির নাইক্ষ্যংছড়ি উপজেলা সংবাদদাতা আবদুর রশিদ, এনটিভি অনলাইন প্রতিনিধি সিহাব উদ্দিন, বিএনপি নেতা শাহজাহান, মাওলানা মুফতি রিদুয়ানুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় প্রায় এক হাজার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে চিনি, তেল, ডাল, পেঁয়াজ, খেজুর, ছোলা, মুড়ি ও সেমাইসহ বিভিন্ন ইফতার সামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি ২৫টি এতিমখানা ও মসজিদে নগদ অর্থ সহায়তাও প্রদান করা হয়।
ফাউন্ডেশনের পরিচালক ড. আল্লামা হারুন আজিজি বলেন , ভবিষ্যতেও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে এবং সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে প্রশংসনীয় উল্লেখ করে বলেন, রমজানকে সামনে রেখে এমন সহায়তা অসহায় মানুষের জন্য বড় সহায় হয়ে থাকবে।