
X
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয় এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায় তারেক রহমানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ-এর উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ।
মঙ্গলবার এক অভিনন্দন বার্তায় উপাচার্য বলেন, আপনার সুযোগ্য নেতৃত্ব, প্রজ্ঞা ও দূরদর্শিতায় বাংলাদেশ উন্নয়ন, শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির পথে অগ্রসর হবে- এই প্রত্যাশা ব্যক্ত করছি।
তিনি বলেন, ‘সবার আগে বাংলাদেশ’ এই দর্শনের ভিত্তিতে জাতির সার্বিক কল্যাণে আপনার গৃহীত কার্যক্রম ও পরিকল্পনাসমূহ দেশকে একটি উন্নত, মানবিক, বৈষম্যহীন, মেধাভিত্তিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। সেই সাথে জনগণের প্রত্যাশা ও আস্থার প্রতিফলন হিসেবে এই বিজয় আপনার ঘোষিত “We have a plan” এর আলোকে মানুষের কর্মসংস্থান, সুশাসন, স্বাস্থ্য, শিক্ষা, প্রযুক্তি, ক্রীড়া, সুষম উন্নয়ন, আইনের শাসন, পরিবেশ রক্ষা, সামাজিক ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে দেশকে বাস্তব উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাবে বলে আমি প্রত্যাশা করি।
উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ বলেন, আমি বিশ্বাস করি, আপনার সুযোগ্য নেতৃত্বের মাধ্যমে আনন্দময় ও কর্মমুখী শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠা, মূল্যবোধভিত্তিক শিক্ষানীতি প্রণয়ন, শিক্ষাক্ষেত্রে প্রযুক্তি সহায়তা ও ব্যবহার, শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী ও দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আপনার সুযোগ্য নেতৃত্বে উচ্চশিক্ষা ও গবেষণায় বিনিয়োগ বৃদ্ধি, উদ্ভাবনমুখী উদ্যোগ এবং কর্মসংস্থান সৃষ্টিতে কার্যকর পদক্ষেপ দেশের টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আপনার দূরদর্শী নেতৃত্ব, নৈতিক মূল্যবোধ এবং জনগণমুখী কার্যক্রমের অগ্রগতি বজায় রাখা এবং রাষ্ট্র পরিচালনায় সফলতা কামনা করছি।
অভিনন্দন বার্তায় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান, নবগঠিত মন্ত্রিসভা ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর সার্বিক সাফল্য কামনা করেন। তিনি আরও বলেন, ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ (ইউএফটিবি) জাতীয় উন্নয়নের অংশীদার হিসেবে ভূমিকা রাখছে এবং সরকারের দেশ গঠনে যেকোনো উদ্যোগে ইউএফটিবি পরিবার সহযোগী হতে সর্বদা প্রস্তুত থাকবে, ইনশাআল্লাহ। বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান এর স্বাস্থ্য, দীর্ঘায়ু এবং মহান দায়িত্ব পালনে সার্বিক কল্যাণ ও সাফল্য কামনা করেন।