প্রকাশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৫৫ এএম (ভিজিট : ৪৬৪)

X
২০২৬ শিক্ষাবর্ষের ছুটির তালিকা অনুযায়ী, আজ থেকে দেশের সরকারি ও বেসরকারি কলেজগুলোতে পবিত্র রমজান উপলক্ষে টানা ৩৯ দিনের ছুটি শুরু হয়েছে। ক্লাস পুনরায় শুরু হবে ২৯ মার্চ, রোববার।
শিক্ষা মন্ত্রণালয় প্রকাশিত ছুটির তালিকা থেকে জানা গেছে, পবিত্র রমজান, ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন ছুটি মিলিয়ে ১৮ ফেব্রুয়ারি থেকে ২৫ মার্চ পর্যন্ত কলেজ বন্ধ থাকবে। ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এক দিনের ছুটি রয়েছে। এরপর ২৭ ও ২৮ মার্চ সাপ্তাহিক ছুটি (শুক্র ও শনিবার) থাকায় ২৯ মার্চ থেকে কলেজগুলো খুলবে।
অন্যান্য ছুটির সময়সূচি
● ঈদুল আজহা: ২৪ মে থেকে ৫ জুন পর্যন্ত মোট ১০ দিন
● দুর্গাপূজা, বিজয়া দশমী, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা: ১৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মোট ১০ দিন
● শীতকালীন অবকাশ: ১৭ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ১১ দিন
এ ছাড়া প্রতি বছরের মতো শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের হাতে সংরক্ষিত তিন দিন ছুটি রাখা হয়েছে। প্রয়োজন অনুযায়ী প্রতিষ্ঠানপ্রধান এ ছুটি অনুমোদন করতে পারবেন।
সম্প্রতি ২০২৬ শিক্ষাবর্ষে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয় এবং সব সরকারি-বেসরকারি কলেজের বার্ষিক ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে।
নতুন তালিকা অনুযায়ী, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগের বছরের তুলনায় ১২ দিন ছুটি কমানো হয়েছে। পবিত্র রমজান মাসের প্রায় পুরো সময় বিদ্যালয় খোলা থাকবে এবং ২১ রমজান পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান চলবে।
অন্যদিকে মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়েও আগের বছরের তুলনায় ১২ দিন ছুটি কমানো হয়েছে। শবে মেরাজ, জন্মাষ্টমী ও আশুরাসহ কয়েকটি ছুটি বাতিল করা হয়েছে। পাশাপাশি রমজান মাসের অর্ধেকের বেশি সময় স্কুল খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে মাদরাসাগুলোতে ১৫ ফেব্রুয়ারি থেকে পবিত্র রমজান উপলক্ষে ছুটি শুরু হয়েছে।