প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায় তারেক রহমানকে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)-এর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ডুয়েটের পাবলিকেশন কাম ইনফরমেশন অফিসার মো. রায়হান হোসেন স্বাক্ষরিত এক অভিনন্দন বার্তায় উপাচার্য বলেন, বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রামের আপসহীন অগ্রসেনানী হিসেবে তারেক রহমান নির্বাসনে থেকেও দীর্ঘ ১৭ বছর দূরদর্শী রাজনৈতিক নেতৃত্বের মাধ্যমে জাতিকে দিকনির্দেশনা দিয়েছেন।
তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উত্তরসূরি হিসেবে তারেক রহমান আজ রাষ্ট্রনায়ক হিসেবে আবির্ভূত হয়েছেন। তাঁর প্রজ্ঞা, নিষ্ঠা ও রাজনৈতিক দূরদর্শিতা বাংলাদেশকে পুনরায় গণতান্ত্রিক পথে এগিয়ে নিতে সহায়ক হবে। আইনের শাসন, বাকস্বাধীনতা ও ভোটাধিকার সুপ্রতিষ্ঠিত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
উপাচার্য বলেন, জনগণের প্রত্যাশার প্রতীক হিসেবে নতুন সরকারের অভিযাত্রায় তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধির নতুন মাইলফলক অর্জন করবে। এ ঐতিহাসিক দায়িত্ব পালনে তাঁর সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন তিনি।