প্রকাশ: রোববার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৫০ পিএম (ভিজিট : ৪৯)

X
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) ‘উইন্টার ২০২৫’ টার্মে নবীন এমএস ও পিএইচডি শিক্ষার্থীদের অরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে মোট ২৫৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন, যার মধ্যে ২৪৯ জন এমএস এবং ৫ জন পিএইচডি শিক্ষার্থী রয়েছেন। শিক্ষার্থীদের মধ্যে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত মেধাবী শিক্ষার্থী এবং নাইজেরিয়া থেকে আগত একজন পিএইচডি শিক্ষার্থীও ছিলেন।
রোববার সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের বেগম সুফিয়া কামাল অডিটোরিয়ামে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন গাকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. এম. ময়নুল হক এবং ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ শরীফ রায়হান।
রেজিস্ট্রার মোঃ আবদুল্লাহ মৃধা নবীন শিক্ষার্থীদের সামনে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ঐতিহ্য, গবেষণাভিত্তিক অগ্রগতি এবং আন্তর্জাতিক সাফল্যের সংক্ষিপ্ত চিত্র তুলে ধরেন। এরপর শিক্ষার্থীরা পরিচিতি পর্বে নিজেদের স্বপ্ন, আগ্রহ ও গবেষণার লক্ষ্য উপস্থাপন করেন। নবাগত শিক্ষার্থীদের পক্ষ থেকে এমএস শিক্ষার্থী উমানা হোসাইন দোলনা, পিএইচডি শিক্ষার্থী মোঃ রাশিদুল ইসলাম এবং নাইজেরিয়ার পিএইচডি শিক্ষার্থী বেদি ইব্রাহিম তাদের অনুভূতি ও প্রত্যাশা ব্যক্ত করেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম শিক্ষার্থীদের শৃঙ্খলা, দায়িত্ববোধ ও নৈতিক মূল্যবোধের গুরুত্বের ওপর গুরুত্ব দেন। শহীদ তাজউদ্দীন আহমদ হলের প্রভোস্ট প্রফেসর ড. মোহাম্মদ নাজমুল হাসান আবাসিক হল ব্যবস্থাপনা ও নিয়মকানুন সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করেন। গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ তোফাজ্জল ইসলাম উচ্চতর শিক্ষা ও গবেষণার কাঠামো, নীতিমালা এবং সম্ভাব্য গবেষণা ক্ষেত্রসমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান নবীন গবেষকদের উদ্দেশ্যে বলেন, “জীবনের লক্ষ্য সুপ্রতিষ্ঠিত করার ক্ষেত্রে এমএস ও পিএইচডি ডিগ্রির গুরুত্ব অপরিসীম। তোমাদের গবেষণালব্ধ ফলাফল বিশ্ববিদ্যালয়কে সমৃদ্ধ করার পাশাপাশি দেশের কৃষিখাতের টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।” তিনি শিক্ষার্থীদের অধ্যবসায়, নিয়মানুবর্তিতা এবং কর্তব্যপরায়ণতার মাধ্যমে জ্ঞানচর্চাকে মানবকল্যাণে নিবেদিত করার আহ্বান জানান।
সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয় এবং গাকৃবির উইন্টার ২০২৫ ব্যাচ নতুন স্বপ্ন, নতুন দায়িত্ব এবং গবেষণার অঙ্গীকার নিয়ে তাদের যাত্রা শুরু করে।