প্রকাশ: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ২:১৭ পিএম আপডেট: ২৩.০২.২০২৬ ২:২১ পিএম (ভিজিট : ৬৮)

X
মানিকগঞ্জ-৩ (সদর-সাটুরিয়া) আসনের সংসদ সদস্য ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম বলেছেন, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। তারেক রহমানের পরামর্শে গুরুত্বপূর্ণ ও ঝুলে থাকা কাজ দ্রুত সম্পন্ন করার নির্দেশনা রয়েছে বলে জানান তিনি।
সোমবার সকাল সাড়ে ১০টায় মানিকগঞ্জ সার্কিট হাউজ মিলনায়তনে স্থানীয় সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী জানান, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের সংস্কার কাজ শেষ করে দ্রুত চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সামনে পবিত্র হজ মৌসুমকে সামনে রেখে হজযাত্রীদের যেন কোনো ভোগান্তিতে পড়তে না হয়, সে বিষয়ে বিশেষ নজর দেওয়া হচ্ছে।
তিনি বলেন, প্রবাসীরা দেশে ফিরে বিমানবন্দরে যেন স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে লক্ষ্যেই কাজ চলছে। বিমানবন্দরের সেবার মান উন্নয়নে সরকার বদ্ধপরিকর।
বিমানবন্দরে দুর্নীতি ও টিকিট সিন্ডিকেট প্রসঙ্গে আফরোজা খানম বলেন, শুধু বিমানবন্দর নয়, সব সরকারি দপ্তরে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। মন্ত্রীদের সততার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।
এ সময় মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক শাহানুর ইসলাম এবং টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি বিএম খোরশেদ ও সাধারণ সম্পাদক আশরাফ লিটনসহ ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে মন্ত্রী জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যদের সঙ্গে বৈঠক করেন। পরে জেলা প্রশাসক কার্যালয়ে সরকারি কর্মকর্তাদের সঙ্গে বিশেষ মতবিনিময় সভায় তিনি অনিয়ম, দুর্নীতি ও চাঁদাবাজির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পাশাপাশি সরকারি কর্মকর্তাদের সময়মতো অফিসে উপস্থিত থেকে জনগণকে সেবা দেওয়ার আহ্বান জানান।
সভা শেষে মন্ত্রী সদর উপজেলার গিলন্ড এলাকায় তাঁর প্রয়াত পিতা বিএনপির সাবেক মন্ত্রী হারুনার রশিদ খান মুন্নুর কবর এবং ঘিওর উপজেলার পাচুরিয়া এলাকায় বিএনপির সাবেক মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের কবর জিয়ারত করে বিশেষ দোয়া করেন।
এর আগে তিনি ঢাকার বাসা থেকে সড়কপথে মানিকগঞ্জে পৌঁছালে জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা ও অতিরিক্ত পুলিশ সুপার মহররম আলী তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান।