প্রকাশ: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:১৯ পিএম (ভিজিট : ৩৫৬)

X
পবিত্র মাহে রমজান উপলক্ষে সাধারণ মানুষের নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের চাহিদা পূরণ এবং বাজারমূল্যের ঊর্ধ্বগতির চাপ কমাতে ময়মনসিংহের ভালুকায় সুলভ মূল্যে দুধ, ডিম ও গরুর মাংস বিক্রয় কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ মানবিক কর্মসূচির উদ্বোধন করা হয় ভালুকা আসনের জাতীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু’র নির্দেশনা ও আর্থিক সহায়তায়। রমজান মাসে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির কারণে স্বল্প আয়ের মানুষের ভোগান্তি লাঘবে তাঁর উদ্যোগে এ কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ফিরোজ হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক রুহুল আমীন মাসুদ, অ্যাপোলো ইনস্টিটিউট অব কম্পিউটারের অধ্যক্ষ এআরএম শামসুর রহমানসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পুরো রমজান মাসজুড়ে উপজেলা পরিষদ চত্বর থেকে নিয়মিতভাবে এ বিক্রয় কার্যক্রম পরিচালিত হবে। প্রতি সপ্তাহে সোমবার, বুধবার ও শুক্রবার ৬৫০ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি করা হবে। এছাড়া প্রতিদিন প্রতি লিটার ৮০ টাকা দরে দুধ এবং বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে পাইকারি মূল্যে ডিম বিক্রি করা হবে।
নির্ধারিত নীতিমালা অনুযায়ী, একজন ব্যক্তি প্রতিদিন সর্বোচ্চ ১ কেজি গরুর মাংস, ১ লিটার দুধ এবং ১ ডজন ডিম ক্রয় করতে পারবেন। বিক্রয় কার্যক্রম “আগে আসলে আগে পাবেন” ভিত্তিতে পরিচালিত হবে। দুধ ক্রয়ের ক্ষেত্রে নিজস্ব পাত্র সঙ্গে আনার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
সুলভ মূল্যে প্রয়োজনীয় খাদ্যপণ্য বিক্রির খবর ছড়িয়ে পড়লে সকাল থেকেই উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। সাধারণ মানুষ এ উদ্যোগকে সময়োপযোগী ও মানবিক বলে উল্লেখ করে জানান, রমজান মাসে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির চাপ মোকাবিলায় এটি একটি বাস্তবসম্মত ও কার্যকর পদক্ষেপ।