নাটোরের গুরুদাসপুরে কৃষিকাজে পানির সঠিক ব্যবহার নিশ্চিত করতে দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি সংসদ সদস্য মো. আব্দুল আজিজ।
উপজেলা বিএডিসি অফিসের আয়োজনে অনুষ্ঠিত এ প্রশিক্ষণের উদ্দেশ্য ছিল প্রচলিত সেচ ব্যবস্থায় পানির অপচয় রোধ এবং কৃষকদের আধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচিত করা। সংশ্লিষ্টরা জানান, প্রচলিত সেচ পদ্ধতিতে প্রায় ৪০ শতাংশ পানি অপচয় হয়। ভূগর্ভস্থ পানির যথাযথ ব্যবহার না হওয়ায় পানির স্তর ক্রমেই নিচে নেমে যাচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে এমপি আব্দুল আজিজ বলেন, কৃষিকাজে পানির কোনো বিকল্প নেই। পানির সঠিক ব্যবহারের মাধ্যমে ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমানো সম্ভব। এ প্রশিক্ষণ কৃষকদের দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে।
এ সময় বিএডিসির জেলা নির্বাহী প্রকৌশলী সাজ্জাদ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম, বিএডিসির সহকারী প্রকৌশলী সাইদুর রহমান ও কৃষি কর্মকর্তা কেএম রাফিউল ইসলাম বক্তব্য রাখেন।
দিনব্যাপী প্রশিক্ষণে উপজেলার ৫০ জন কৃষক অংশ নেন। এর আগে কৃষকদের মাঝে সেচকাজে পানির স্তর নির্ধারণী পাইপ বিতরণ করা হয়। সংশ্লিষ্টরা জানান, এ পাইপের মাধ্যমে পানির স্তর পর্যবেক্ষণ করে প্রয়োজন অনুযায়ী সেচ দেওয়া সম্ভব, ফলে প্রায় ৩০ শতাংশ পানি সাশ্রয় হয়।