প্রকাশ: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:১১ পিএম (ভিজিট : ৩৭৬)

X
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ হাবিব মুন্সী এবং উপজেলা যুবলীগের সহ-সভাপতি মুকুল মুন্সীকে গ্রেপ্তার করেছে টুঙ্গিপাড়া থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৩ ফেব্রুয়ারি রাত আনুমানিক ৯টার দিকে টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ আইয়ুব আলীর নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) মাহফুজ ও সঙ্গীয় ফোর্স পাটগাতি গ্রামে অভিযান পরিচালনা করেন। এ সময় তাদের নিজ গ্রাম পাটগাতি থেকে উভয়কে গ্রেপ্তার করা হয়।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, থানায় দায়েরকৃত মামলা নং ১৬/২৫, সন্ত্রাস বিরোধী আইনে দায়ের হওয়া একটি মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারের পর ২৪ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে তাদের আদালতে হাজির করা হলে আদালত তাদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
এ ঘটনায় এলাকায় রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে টুঙ্গিপাড়া থানার পক্ষ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মামলার প্রয়োজনে গ্রেপ্তার অভিযান পরিচালনা করা হয়েছে।