প্রকাশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৪৯ পিএম (ভিজিট : ২৯৩)

X
গাজীপুর সিটি করপোরেশনের নতুন প্রশাসক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার। বুধবার সকালে নগর ভবন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে তিনি দায়িত্বভার গ্রহণ করেন।
দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি জানান, গাজীপুর সিটিকে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও চাঁদাবাজিমুক্ত নগরীতে রূপান্তর করা হবে। পাশাপাশি মশক নিধনে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
তিনি বলেন, সিটি এলাকার বর্জ্য ব্যবস্থাপনা ও পয়োনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন করা হবে। এছাড়া ১৯টি খাল পুনঃখননের মাধ্যমে পানি প্রবাহ বৃদ্ধি করা হবে, যাতে জলাবদ্ধতা ও মশার প্রজননস্থল কমে আসে। নগরীর রিকশা ও অটোরিকশা চলাচলে শৃঙ্খলা আনা এবং যানজট নিরসনেও উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি।
শওকত হোসেন সরকার আরও বলেন, নগরবাসী ও শিশু-কিশোরদের খেলাধুলার সুযোগ নিশ্চিত করতে প্রতিটি ওয়ার্ডে একটি করে খেলার মাঠ এবং শহরে একটি শিশুপার্ক স্থাপন করা হবে।
এর আগে সকালে নগর ভবনে পৌঁছালে তাকে ফুল দিয়ে বরণ করেন সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সোহেল হাসান। এ সময় সিটি করপোরেশনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন সংস্থা-প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও তাকে শুভেচ্ছা জানান। পরে তিনি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন।
উল্লেখ্য, গত সোমবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে শওকত হোসেন সরকার-কে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর আগে তিনি কাশিমপুর ইউনিয়নের একাধিকবার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন।
গাজীপুর সিটি করপোরেশন ঘোষণার পর প্রথম মেয়র নির্বাচিত হন বিএনপির সাবেক ধর্ম প্রতিমন্ত্রী অধ্যাপক এম এ মান্নান। পরে সাবেক মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম এবং তার মা জায়েদা খাতুন মেয়রের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে প্রশাসক হিসেবে শরাফ উদ্দিন আহমেদ-কে নিয়োগ দেয় সরকার।