প্রকাশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৫৩ পিএম (ভিজিট : ৫০)

X
চট্টগ্রাম নগরের হালিশহর এলাকায় গ্যাস লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে।
সর্বশেষ মো. শাখাওয়াত হোসেন (৪৯) বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৪০ মিনিটে মারা যান। তাকে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত ঘোষণা করা হয়।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট-এর আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান জানান, শাখাওয়াতের শরীর শতভাগ দগ্ধ হয়েছিল এবং তার শ্বাসনালী গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত ছিল।
এর আগে বিস্ফোরণে আহত আশুরা আক্তার পাখি, নুরজাহান আক্তার, তার ছেলে শাওন ও ভগ্নিপতি সুমনের মৃত্যু হয়।
এ ঘটনায় আহত আরও চারজন বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের ভাষ্য, তাদের প্রত্যেকের অবস্থাই আশঙ্কাজনক।
গত সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে হালিশহরের একটি বাসায় জমে থাকা গ্যাস থেকে আগুনের সূত্রপাত হয়। এতে একই পরিবারের নয়জন দগ্ধ হন। প্রথমে তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
ঘটনার পর দুটি পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর উপপরিচালক মোহাম্মদ জসিম উদ্দিন জানান, বিস্ফোরণের কারণ অনুসন্ধানে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
এদিকে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল)-এর মহাব্যবস্থাপক কবির উদ্দিন আহমেদ জানান, তাদের পক্ষ থেকেও তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।