প্রকাশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ২:১২ পিএম (ভিজিট : ৩২)

X
৪৪তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে নিয়োগপ্রাপ্ত ৩২৬ জন কর্মকর্তাকে দেশের বিভিন্ন সরকারি কলেজে প্রভাষক পদে পদায়ন করেছে সরকার।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই আদেশ জারি করা হয়।
মন্ত্রণালয়ের উপসচিব মো. আ. কুদ্দুস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) সুপারিশ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ আদেশের প্রেক্ষিতে এই কর্মকর্তাদের চূড়ান্ত নিয়োগ ও পদায়ন করা হয়েছে। নবনিযুক্ত এই কর্মকর্তারা ইতিমধ্যে তাদের অবহিতকরণ প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করেছেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, বিপিএসসি প্রাথমিকভাবে ৩৪৮ জন প্রার্থীকে সুপারিশ করলেও শেষ পর্যন্ত ৩২৬ জন কর্মকর্তা চূড়ান্তভাবে যোগদান করেছেন। জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী তাদের বিভিন্ন সরকারি কলেজে পদায়ন করা হয়েছে।
নিয়োগের শর্ত হিসেবে বলা হয়েছে, পদায়নকৃত কর্মকর্তাদের নিজ নিজ কর্মস্থলে ন্যূনতম দুই বছর কর্মরত থাকতে হবে। এই সময়ের মধ্যে তাদের কোনো বদলির আবেদন বিবেচনা করা হবে না। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
যথাযোগ্য মর্যাদায় শহীদ সেনা দিবস পালিত: বনানীতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধাযথাযোগ্য মর্যাদায় শহীদ সেনা দিবস পালিত: বনানীতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
সংশ্লিষ্ট সরকারি কলেজগুলোর অধ্যক্ষদের নির্দেশ দেওয়া হয়েছে যে, কর্মকর্তারা যোগদানের পর সেই প্রতিবেদন আগামী ২৫ মার্চের মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে পাঠাতে হবে। এছাড়া পদায়ন করা কলেজে পদ শূন্য না থাকলে বা কোনো জটিলতা দেখা দিলে কর্মকর্তাদের যোগদানপত্র গ্রহণ করে বিষয়টি জরুরি ভিত্তিতে মন্ত্রণালয়কে অবহিত করতে বলা হয়েছে।